লক্ষ্মীপুর-৩ আসনে মোটরসাইকেল শোভাযাত্রায় ড. রেজাউল করিমের শক্তির প্রদর্শন | Daily AjKaler Kontho

লক্ষ্মীপুর-৩ আসনে মোটরসাইকেল শোভাযাত্রায় ড. রেজাউল করিমের শক্তির প্রদর্শন


লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি : প্রকাশের সময় : নভেম্বর ২২, ২০২৫, ৩:০৪ অপরাহ্ন
লক্ষ্মীপুর-৩ আসনে মোটরসাইকেল শোভাযাত্রায় ড. রেজাউল করিমের শক্তির প্রদর্শন

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে রাজনৈতিক অঙ্গন সরগরম হয়ে উঠেছে। ২২ /১১/২০২৫শনিবার দুপুরে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ড. রেজাউল করিমের সমর্থনে শহরে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। কয়েক হাজার নেতা–কর্মী ও সমর্থকের অংশগ্রহণে শহরজুড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।

উত্তর তেমুহনী থেকে যাত্রা শুরু করে শোভাযাত্রাটি বাঞ্চানগর, রামগতি সড়ক, কলেজ রোড, ট্রাফিক মোড় ও ঝুমুর এলাকা প্রদক্ষিণ করে। শোভাযাত্রার দীর্ঘ সারি, ব্যানার–ফেস্টুন আর মোটরসাইকেলের কোলাহলে পুরো শহর একসময় জনসমুদ্রে পরিণত হয়। পথচারী, দোকানদার ও স্থানীয়রা দাঁড়িয়ে এ দৃশ্য উপভোগ করেন।

শোভাযাত্রায় অংশ নেওয়া কয়েকজন জানান, দীর্ঘদিন পর রাজনৈতিক মাঠে এমন প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। এক ব্যবসায়ী বলেন, “মানুষ পরিবর্তন চায়। আজকের উপস্থিতি সেই বার্তারই বহিঃপ্রকাশ।” আরেক তরুণ সমর্থক বলেন, “ড. রেজাউল করিম সৎ ও শিক্ষিত প্রার্থী। তার প্রতি মানুষের আগ্রহ বাড়ছে।”

শোভাযাত্রা শেষে সংক্ষিপ্ত সমাবেশে ড. রেজাউল করিম বলেন,“লক্ষ্মীপুর-৩ আসনের মানুষ ন্যায়, উন্নয়ন ও সুশাসন চায়। আজকের গণজাগরণ শান্তিপূর্ণ পরিবর্তনের পক্ষে জনগণের অবস্থানকে স্পষ্ট করেছে। আমরা নির্বাচনে অংশ নিচ্ছি মানুষের অধিকার ও গণতন্ত্র রক্ষার জন্য।”তিনি আরও জানান, নির্বাচনে বিজয়ী হলে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও কর্মসংস্থানের উন্নয়নকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়া হবে।

আজকালের কন্ঠ/ আর এস/জে