সরকারি কর্মচারী হাসপাতাল ও পর্যটন করপোরেশনের মধ্যে চুক্তি | Daily AjKaler Kontho

সরকারি কর্মচারী হাসপাতাল ও পর্যটন করপোরেশনের মধ্যে চুক্তি


নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় : নভেম্বর ২০, ২০২৫, ৪:৩৮ অপরাহ্ন
সরকারি কর্মচারী হাসপাতাল ও পর্যটন করপোরেশনের মধ্যে চুক্তি

সরকারি কর্মচারী হাসপাতালের ক্যাফেটারিয়ায় মানসম্মত সেবা প্রদানের লক্ষ্যে হাসপাতালটির সঙ্গে দ্বি-পাক্ষিক চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ পর্যটন করপোরেশন।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় এর আওতাধীন রাজধানীর ফুলবাড়িয়ায় অবস্থিত ৫০০ শয্যাবিশিষ্ট সরকারি কর্মচারী হাসপাতালের ক্যাফেটারিয়ার সুষ্ঠু ব্যবস্থাপনা ও মানসম্মত সেবা প্রদানের লক্ষ্যে সরকারি কর্মচারী হাসপাতাল ও বাংলাদেশ পর্যটন করপোরেশনের মধ্যে চুক্তিটি স্বাক্ষরিত হয়।

এখন থেকে হাসপাতালে আগত রোগী, রোগীর এটেনডেন্ট, কর্মরত চিকিৎসক, নার্স, কর্মকর্তা ও সহায়ক স্টাফদের মানসম্মত খাবার পরিবেশনের নিমিত্ত ক্যাটারিং সেবা প্রদানে দক্ষ দেশের অন্যতম ঐতিহ্যবাহী সরকারি সংস্থা ‘বাংলাদেশ পর্যটন করপোরেশন’ ক্যাফেটারিয়াটির ম্যানেজমেন্ট অপারেটর হিসেবে দায়িত্ব পালন করবে।

সরকারি কর্মচারী হাসপাতালের ক্যাফেটারিয়ার পরিচালনার দায়িত্ব বাংলাদেশ পর্যটন করপোরেশনের নিকট ন্যস্ত হওয়ায় হাসপাতালে আগত চিকিৎসা সেবাপ্রার্থী ও জনসাধারনের নিকট স্বাস্থ্যসম্মত ও সুস্বাদু খাবার পরিবেশন নিশ্চিত হবে। ক্যাফেটারিয়াটি পরিচালনার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। আশা করা যাচ্ছে আগামী বছরের জানুয়ারি মাস থেকে বাংলাদেশ পর্যটন করপোরেশনের পক্ষ থেকে ক্যাফেটারিয়া পরিচালনার কাজ শুরু হবে। প্রাথমিকভাবে চুক্তিটি পাঁচ বছরের জন্য সম্পাদিত হয়েছে। পরবর্তীতে উভয় পক্ষের সম্মতিতে চুক্তির মেয়াদ বৃদ্ধি করা যাবে।

দ্বি-পাক্ষিক চুক্তিতে সরকারি কর্মচারি হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষে স্বাক্ষর করেনবাংলাদেশ পর্যটন করপোরেশনের পক্ষে স্বাক্ষর করেন পরিচালক (প্রশাসন) মো. সাইদুজ্জামান ও মহাব্যবস্থাপক (বাণিজ্যিক) আ ন ম মোস্তাদুদ দস্তগীর।

আগারগাঁওয়ে বাংলাদেশ পর্যটন করপোরেশনের প্রধান কার্যালয় ‘পর্যটন ভবন’-এ আয়োজিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান ও অতিরিক্ত সচিব সায়েমা শাহীন সুলতানা এবং সরকারি কর্মচারি হাসপাতালের মহাপরিচালক ও অতিরিক্ত সচিব মো, আ, রাজ্জাক সরকার।

অনুষ্ঠানে বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান বলেন সাশ্রয়ী মূল্যে সরকারি কর্মচারী হাসপাতালের ক্যাফেটারিয়ায় উন্নত সেবা নিশ্চিতে সংস্থার পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করা হবে।

তিনি বলেন এই চুক্তি স্বাক্ষরের মাধ্যমে বাংলাদেশ পর্যটন করপোরেশনের সেবা প্রদানের ক্ষেত্রে আরও একটি দ্বার উন্মোচিত হলো।

অপরদিকে সরকারি কর্মচারী হাসপাতালের মহাপরিচালক বলেন ক্যাফেটারিয়াটি সুষ্ঠুভাবে পরিচালনার ক্ষেত্রে হাসপাতালের পক্ষ থেকে সব ধরনের সহায়তা প্রদান করা হবে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আজকালের কন্ঠ/আর বি