হাইকোর্টের নির্দেশ উপেক্ষা করে ইটভাটা রক্ষায় রামগতিতে শ্রমিক–মালিকদের মানববন্ধন | Daily AjKaler Kontho

হাইকোর্টের নির্দেশ উপেক্ষা করে ইটভাটা রক্ষায় রামগতিতে শ্রমিক–মালিকদের মানববন্ধন


জাকির হোসেন জুয়েল, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি প্রকাশের সময় : নভেম্বর ১৭, ২০২৫, ১০:৫৫ পূর্বাহ্ন
হাইকোর্টের নির্দেশ উপেক্ষা করে ইটভাটা রক্ষায় রামগতিতে শ্রমিক–মালিকদের মানববন্ধন

লক্ষ্মীপুরের রামগতিতে হাইকোর্টের নির্দেশ উপেক্ষা করে ইটভাটা রক্ষার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৬ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদের সামনে উপজেলা ইটভাটা মালিক ও শ্রমিক ঐক্য পরিষদের ব্যানারে এই কর্মসূচি আয়োজন করা হয়। এতে ইটভাটা মালিক এবং প্রায় এক হাজার শ্রমিক অংশ নেন।

স্থানীয় কয়েকজনের সঙ্গে আলাপ করে জানা যায়, বিভিন্ন জায়গা থেকে ভাড়া করা লোকও মানববন্ধনে অংশগ্রহণ করেছে। তবে শ্রমিক ও মালিকদের একটি অংশও এতে স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তারা জানান, হাইকোর্টের নির্দেশে অবৈধ ইটভাটার বিরুদ্ধে প্রশাসনের অভিযান চলমান থাকলেও বিকল্প কর্মসংস্থান না দিয়ে ইটভাটা গুড়িয়ে দেওয়ায় শ্রমিকদের পরিবার অনিশ্চয়তায় পড়েছে। এসময় অনেকে কাপড় গায়ে জড়িয়ে ও বিভিন্ন দাবি-দাওয়া সংবলিত ব্যানার হাতে অংশ নেন।

কর্মসূচিতে বক্তব্য দেন পরান ব্রিকসের মুহাম্মদ আকবর হোসেন, হাওলাদার ব্রিকসের আতিকুর রহমান, আমিন ট্রেড করপোরেশনের মো. আল আমীন এবং শ্রমিক নেতা মো. নূরনবীসহ অন্যান্যরা।

বক্তারা আরও বলেন, হঠাৎ করে কর্মস্থান বন্ধ করে দেওয়ায় হাজারো শ্রমিক চাকরি হারানোর ঝুঁকিতে পড়েছে। প্রশাসনের অভিযানের আগে শ্রমিকদের পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে।

  1. উল্লেখ্য, এর আগে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযানে বেশ কয়েকটি ইটভাটা গুড়িয়ে দেওয়া হয়েছে।