লোহাগড়ায় ব্যাংক কর্মকর্তার ওপর প্রতিবেশীর হামলা, হাসপাতালে ভর্তি | Daily AjKaler Kontho

লোহাগড়ায় ব্যাংক কর্মকর্তার ওপর প্রতিবেশীর হামলা, হাসপাতালে ভর্তি


কাজী ইমরান, নড়াইল প্রতিনিধি প্রকাশের সময় : নভেম্বর ১৪, ২০২৫, ৬:৪১ অপরাহ্ন
লোহাগড়ায় ব্যাংক কর্মকর্তার ওপর প্রতিবেশীর হামলা, হাসপাতালে ভর্তি

নড়াইলের লোহাগড়া পৌর শহরের লক্ষ্মীপাশা এলাকায় জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক ব্যাংক কর্মকর্তার ওপর প্রতিবেশীরা হামলা চালিয়ে গুরুতর আহত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে ।

শুক্রবার (১৪ নভেম্বর) দুপুরে জুম্মার নামাজের পর শহরের ৭ নং ওয়ার্ডের লক্ষ্মীপাশার অবসরপ্রাপ্ত প্রভাষক মনিবুর রহমানের বাড়ির সামনে এ হামলার ঘটনা ঘটেছে।

হামলার পর এলাকাবাসী গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

হামলার শিকার রিফাত উদ্দিন মনির (৫৭) বাড়ি লক্ষ্মীপাশায়। তিনি সোনালী ব্যাংক লক্ষীপাশা শাখায় কর্মরত রয়েছেন।

এ বিষয়ে আহত মনি শেখ বলেন, সরদার নাহিদ নেওয়াজ সবুজ ও তার বড় ভাই মৃত সর্দার তৌহিদের ছেলে নওশাদ আমার নিজ বাড়ির সামনে থেকে আমার ওপর হামলা চালায়। জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে তারা লাঠিসোটা নিয়ে বেধড়ক মারধোর করে।

ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বর্তমান তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে অভিযুক্ত নাহিদ নেওয়াজ সবুজের সাথে কথা হলে তিনি বলেন, মনি শেখ আমাকে ইট দিয়ে আঘাত করলে, আমি পালটা আঘাত করি।

এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম বলেন, ঘটনা জানতে পেরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং হাসপাতালে আহত মনি শেখের সাথে কথা বলেছেন। দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।

আজকালের কন্ঠ/আর বি