
বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, ‘নো হাংকি পাংকি’ একটি দায়িত্বশীল রাজনৈতিক নেতার ভাষা হতে পারে না। দেশের নির্বাচনী পরিবেশ ও রাজনৈতিক সংস্কৃতিতে এ ধরনের শব্দচয়ন অনভিপ্রেত বলেও তিনি মন্তব্য করেন।
শুক্রবার (৭ নভেম্বর) দুপুরে লক্ষ্মীপুর শহরের গোডাউন রোডের বশির ভিলা মিলনায়তনে জেলা শ্রমিকদলের নবগঠিত কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
এ্যানি বলেন, “একটা দেশে নির্বাচন হবে—পক্ষ-বিপক্ষ থাকবে, মতাদর্শে ভিন্নতা থাকবে—এটাই স্বাভাবিক। কিন্তু কোনো রাজনৈতিক আদর্শের মধ্যে ‘নো হাংকি পাংকি’র মতো শব্দ থাকতে পারে না। যারা দায়িত্বে আছেন, তাদের ভাষাও দায়িত্বশীল হওয়া উচিত।”
জামায়াতে ইসলামীর এক নেতার আগের দিনের বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, “একটি ইসলামী দলের নায়েবে আমীর হয়ে কীভাবে এমন শব্দ ব্যবহার করা যায়? সাধারণ মানুষও এই ধরনের বক্তব্য গ্রহণ করেননি। এতে জনগণ নেতাদের নিয়ে উপহাস ছাড়া আর কিছুই করতে পারে না।”
বিএনপি গণমানুষের দল দাবি করে এ্যানি বলেন, “আমরা সাধারণ মানুষের পালস বুঝি, ঘরে ঘরে যাই, মাঠে আছি। প্রেসিডেন্ট জিয়ার প্রতিষ্ঠিত এই দল জনমানুষের দল। আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমরা ছাত্র রাজনীতি করেছি, মানুষের পাশে থেকেছি।”
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “আপনারা ঘরে ঘরে যাবেন, সালাম দেবেন। বেগম খালেদা জিয়া, তারেক রহমান, ধানের শীষ—সবাইয়ের সালাম মানুষের কাছে পৌঁছে দেবেন। যারা আন্দোলন-সংগ্রামে ছিলেন, তাদের প্রতি আমাদের শ্রদ্ধা ও সম্মান রয়েছে।”
সভায় সভাপতিত্ব করেন জেলা শ্রমিকদলের সভাপতি সাইফুল ইসলাম শাহীন। পরিচালনা করেন সাধারণ সম্পাদক আবুল হাসান সোহেল।
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্যসচিব সাহাব উদ্দিন সাবু, যুগ্ম-আহ্বায়ক হাছিবুর রহমান, বাফুফের সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপী, বিএনপি নেতা হাফিজুর রহমান, নিজাম উদ্দিন ভূঁইয়া, আবুল হাশেম, জেলা যুবদলের সভাপতি আলীম হুমায়ুন, সাধারণ সম্পাদক সৈয়দ রশিদুল হাসান লিংকনসহ জেলা কৃষক দলের সভাপতি মাহবুব আলম মামুন।
আজকালের কন্ঠ/আর এস/জে
আপনার মতামত লিখুন :