
বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী মো. ফারুক হোসেনকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। তিনি কুমিল্লা দেবিদ্বার উপজেলার বাসিন্দা।
রাষ্ট্রপতির আদেশক্রমে মঙ্গলবার আইন মন্ত্রণালয়ের সলিসিটর উইং থেকে এক প্রজ্ঞাপন জারি করা হয়। এতে ফারুক হোসেনসহ ৪১ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও ৬৭ জন সহকারী অ্যাটর্নি জেনারেলকে নিয়োগ দেওয়া হয়। প্রজ্ঞাপনে সই করেন সলিসিটর মো. মঞ্জুরুল হোসেন।
এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে এডভোকেট ফারুক হোসেন বলেন, ‘আমি আমার আইন পেশায় অর্ধশতাধিক প্রতিষ্ঠানের লিগ্যাল অ্যাডভাইজার হিসেবে দায়িত্ব পালন করেছি। আমার করা বহু মামলা বিভিন্ন ল’ জার্নালে প্রকাশিত হয়েছে। এসব অভিজ্ঞতা কাজে লাগিয়ে সর্বোচ্চ চেষ্টা করব ন্যায়বিচার নিশ্চিত করতে।’
২০০১ সালে তিনি বাংলাদেশ বার কাউন্সিলে সদস্যভুক্ত হয়ে ঢাকা জজ কোর্টে আইন পেশায় যুক্ত হন। ২০০২ সালে হাইকোর্টে এবং ২০২১ সালে আপিল বিভাগে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। শুরু থেকেই তিনি নিষ্ঠা ও সততার সঙ্গে পেশাগত দায়িত্ব পালন করে আসছেন।
২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ৮ আগস্ট মো. আসাদুজ্জামানকে অ্যাটর্নি জেনারেল এবং পরবর্তীতে আব্দুল জব্বার ভূঁইয়া, অনীক আর হক ও মোহাম্মদ আরশাদুর রউফকে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেয় সরকার। এরপর ২৮ আগস্ট ৬৬ জন ডেপুটি ও ১৬১ জন সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ দেওয়া হয়।
এডভোকেট ফারুক হোসেনের এই নিয়োগে দেবিদ্বারের বিভিন্ন পেশাজীবী ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অভিনন্দন জানিয়েছেন। তারা বলেন, এটি দেবিদ্বারের জন্য গর্বের বিষয়। একজন সৎ ও নিষ্ঠাবান আইনজীবী হিসেবে তিনি ন্যায়বিচার প্রতিষ্ঠা ও সুশাসন নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :