বরিশালের উজিরপুরে জমি বিরোধে হামলা, রাতে বসতঘরে আগুন | Daily AjKaler Kontho

বরিশালের উজিরপুরে জমি বিরোধে হামলা, রাতে বসতঘরে আগুন


নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় : নভেম্বর ৭, ২০২৫, ৫:২৩ অপরাহ্ন
বরিশালের উজিরপুরে জমি বিরোধে হামলা, রাতে বসতঘরে আগুন

বরিশালের উজিরপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে এক পরিবারের চারজনকে পিটিয়ে ও কুপিয়ে আহত করার পর ঐ দুর্বৃত্তরা গভীর রাতে ফারুক মেম্বরের ঘরে অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে । বৃহস্পতিবার রাতে উপজেলার বামরাইল ইউনিয়নের হস্তিশুন্ড ঈদগাহ সংলগ্ন বয়াতি বাড়িতে ফারুক মেম্বরের ঘরে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন—মৃত আব্দুর রশিদ বয়াতির স্ত্রী আলেয়া বেগম (৬৫), তাঁর পুত্রবধূ তানিয়া আক্তার (৩০), দোলনা আক্তার (৩০) এবং দেবরের মেয়ে উম্মে কুলসুম (১০)। আহতদের মধ্যে আলেয়া বেগম ও তানিয়া আক্তারকে গুরুতর অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত তানিয়া আক্তার অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে তাঁদের পৈত্রিক সম্পত্তি নিয়ে প্রতিবেশী মিজান ও খোকন বয়াতি গোষ্ঠীর সঙ্গে বিরোধ চলছিল। বৃহস্পতিবার রাতে ওই বিরোধের জেরে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডার একপর্যায়ে মিজান, খোকন ও তাঁদের স্বজনরা হামলা চালিয়ে চারজনকে পিটিয়ে আহত করেন। পরে আহতদের হাসপাতালে নেওয়ার সুযোগে প্রতিপক্ষরা গভীর রাতে তাঁদের বসতঘরে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ করেন তিনি।

স্থানীয় বাসিন্দারা জানান, দুর্বৃত্তরা বসতঘরে আগুন লাগিয়ে পালিয়ে যায়। এতে ঘরের আসবাবপত্রসহ মূল্যবান সামগ্রী পুড়ে ব্যাপক ক্ষতি হয়েছে। আহত আলেয়া বেগমের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

উজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস সালাম বলেন, “হামলার ঘটনায় মামলা হবে এবং অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আজকালের কন্ঠ/আর বি