পবিপ্রবিতে “পেশাগত নৈতিকতা ও আচরণবিধি” বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত | Daily AjKaler Kontho

পবিপ্রবিতে “পেশাগত নৈতিকতা ও আচরণবিধি” বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত


দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি প্রকাশের সময় : অক্টোবর ২৭, ২০২৫, ৫:২৫ অপরাহ্ন
পবিপ্রবিতে “পেশাগত নৈতিকতা ও আচরণবিধি” বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) সহায়ক কর্মচারীদের জন্য “Professional Ethics and Code of Conduct for Support Staff” শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (CSE) বিভাগের ভার্চুয়াল ক্লাসরুমে দিনব্যাপী এই কর্মসূচির আয়োজন করে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (IQAC)।

অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান এবং কোষাধ্যক্ষ অধ্যাপক মো. আব্দুল লতিফ। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. মাহবুব রব্বানি।

উদ্বোধনী বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম বলেন, “পেশাগত জীবনে নৈতিকতা এমন এক মানদণ্ড যা কেবল একজন ব্যক্তির সততা ও দায়িত্ববোধকেই নয়, বরং পুরো প্রতিষ্ঠানের ভাবমূর্তিকেও নির্ধারণ করে। বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীই এই প্রতিষ্ঠানের মুখপাত্র—তাই আচরণ, কথা ও কাজে পেশাদারিত্ব ও নৈতিকতার প্রতিফলন থাকা জরুরি।”

তিনি আরও বলেন, “সুশাসন ও মানসম্মত প্রশাসনিক পরিবেশ বজায় রাখতে সহায়ক কর্মীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিয়ম-কানুন মেনে, শ্রদ্ধা ও সহযোগিতার মনোভাব নিয়ে কাজ করলে একটি দক্ষ, সেবামুখী ও নৈতিক প্রশাসন গড়ে তোলা সম্ভব।”

প্রশিক্ষণ কর্মশালায় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সেশন পরিচালনা করেন অভিজ্ঞ শিক্ষক ও প্রশাসনিক কর্মকর্তারা। সকালে ড. মো. শফায়েত হোসাইন “Writing Clear and Concise Official Notes” এবং “Best Practices in Office File and Record Management” বিষয়ে প্রশিক্ষণ দেন। দুপুরে “Enhancing Cooperation and Respect among Colleagues” বিষয়ে আলোচনা হয়। বিকেলের সেশনে “University Staff Conduct and Responsibility” বিষয়ে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. ইকতিয়ার উদ্দিন।

এছাড়া “Ethics in the Workplace” বিষয়ে বক্তব্য দেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মো. আব্দুল মাসুদ এবং “Cash Purchase: Adjustment and Updated VAT-Tax Deduction” বিষয়ে আলোচনা করেন হিসাব পরিচালক মোহাম্মদ জসিম উদ্দিন।

দিনব্যাপী কর্মসূচির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কোর্স ডিরেক্টর অধ্যাপক ড. মাহবুব রব্বানি এবং কোর্স কোঅর্ডিনেটর অধ্যাপক ড. মো. নূর নবী।

প্রশিক্ষণে অংশগ্রহণকারী সহায়ক কর্মচারীরা জানান, কর্মশালার মাধ্যমে তারা সরকারি নীতি, আচরণবিধি এবং দাপ্তরিক যোগাযোগের বিষয়ে নতুন জ্ঞান অর্জন করেছেন যা ভবিষ্যতে তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে সহায়ক হবে।

আজকালের কন্ঠ/আর বি