নোয়াখালীর কোম্পানীগঞ্জে গ্যাসে লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের ৪ জন দগ্ধ | Daily AjKaler Kontho

নোয়াখালীর কোম্পানীগঞ্জে গ্যাসে লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের ৪ জন দগ্ধ


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : অক্টোবর ২, ২০২৫, ১২:৪৭ অপরাহ্ন
নোয়াখালীর কোম্পানীগঞ্জে গ্যাসে লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের ৪ জন দগ্ধ

শাহাদাত হোসেন, নোয়াখালী জেলা প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জে বসতঘরে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের নারী-শিশুসহ চারজন দগ্ধ হয়েছেন।

১অক্টোবর(বুধবার)আনুমানিক রাত ৮টার দিকে উপজেলায় বসুরহাট পৌরসভার (০৮) নাম্বার ওয়ার্ডের মর্ডান রোডের রাহাত মঞ্জিলের দ্বিতীয় তলার একটি ফ্ল্যাটে এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন ফ্ল্যাটের ভাড়াটে কুমোদ চন্দ্র নাথ (৪৩), তার স্ত্রী সবিতা রানী নাথ (৩২), মেয়ে ঐর্দিকা (৮) ও ছেলে তূর্য (৪)। গুরুতর অবস্থায় দগ্ধ ঐর্দিকাকে উদ্ধার করে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।

দগ্ধ কুমোদ চন্দ্র নাথ গণমাধ্যমকে বলেন, রাতে আমিসহ পরিবারের অন্য সদস্যরা দুর্গাপূজার অনুষ্ঠানে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। ওই সময় হঠাৎ ঘরের মধ্যে বিকট শব্দ হয়। একপর্যায়ে দেখি ঘরের বিভিন্ন কক্ষে আগুন ছড়িয়ে পড়ে। এতে আমি, আমার স্ত্রী, ছেলে-মেয়েসহ চারজন দগ্ধ হই। পরে স্থানীয়রা আমাদের উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আমার মেয়ে ঐর্দিকাকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে পাঠানো হয়। এ ঘটনায় ফ্ল্যাটের আসবাবপত্রসহ বেশ কিছু মালামাল পুড়ে গেছে।

কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মাইন উদ্দিন গণমাধ্যমকে বলেন, ঐর্দিকার শরীরের ২০ শতাংশ, তূর্যের ১০ শতাংশ ও স্বামী-স্ত্রীর ২ শতাংশ দগ্ধ হয়। উন্নত চিকিৎসার জন্য ঐর্দিকাকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।

কোম্পানীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের লিডার মো. আব্দুল মালেক গণমাধ্যমকে বলেন, প্রাথমিকভাবে ধারণা করছি, গ্যাস চুলার সুইচ থেকে আস্তে আস্তে গ্যাস লিকেজ হয়ে ফ্ল্যাটের ভেতরে ছড়িয়ে পড়ে। এরপর রাতে পূজার জন্য মোমবাতি জ্বালালে বিস্ফোরণ ঘটে। তবে তদন্ত শেষে বিস্ফোরণের বিস্তারিত কারণ জানা যাবে।

আজকালের কন্ঠ/আর বি/এস