জনশক্তি রপ্তানিতে ৪০ কোটি টাকা প্রতারণা, ১৪ জনের নামে মামলা | Daily AjKaler Kontho

জনশক্তি রপ্তানিতে ৪০ কোটি টাকা প্রতারণা, ১৪ জনের নামে মামলা


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৯, ২০২৫, ২:৩৪ অপরাহ্ন
জনশক্তি রপ্তানিতে ৪০ কোটি টাকা প্রতারণা, ১৪ জনের নামে মামলা

আজকালের কন্ঠ ডেস্ক : মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানির নামে সংঘবদ্ধ প্রতারণার অভিযোগে ইউনিক ইস্টার্ন (প্রা.) লিমিটেডের মালিক নূর আলীসহ ১৪ জনের বিরুদ্ধে মানিলন্ডারিং আইনে মামলা করেছে সিআইডি।

সোমবার (২৯ সেপ্টেম্বর) সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খানের স্বাক্ষর করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

তিনি বলেন, গুলশান থানায় মানিলন্ডারিং প্রতিরোধ আইনের ধারায় ২৮ সেপ্টেম্বর মামলা দায়ের করা হয়। তদন্তে প্রাথমিকভাবে জানা গেছে, ২০২২ থেকে ২০২৪ সাল পর্যন্ত দুই বছরে নূর আলীর প্রতিষ্ঠান ইউনিক ইস্টার্ন মালয়েশিয়ায় ৩ হাজার ৭৮৭ জন কর্মী প্রেরণ করে। সরকার নির্ধারিত ফি ৭৮ হাজার ৯৯০ টাকা হলেও জনপ্রতি প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা করে আদায় করা হয়। পাসপোর্ট খরচ, কোভিড-১৯ টেস্ট, মেডিকেল ফি ও পোশাকের খরচের নামে এই বাড়তি অর্থ সংগ্রহ করা হয়।

সিআইডির অনুসন্ধানে দেখা গেছে, চক্রটি পরস্পরের যোগসাজশে মোট ৪০ কোটি ৭১ লাখ ৪০ হাজার ৩৭০ টাকা হাতিয়ে নেয়, যা মানিলন্ডারিং প্রতিরোধ আইন অনুযায়ী অপরাধ।

বর্তমানে মামলাটি সিআইডির ফাইন্যানশিয়াল ক্রাইম বিভাগ তদন্ত করছে। অপরাধের পূর্ণাঙ্গ তথ্য উদঘাটন, অজ্ঞাত অভিযুক্তদের শনাক্ত ও গ্রেফতারের জন্য তদন্ত ও অভিযান অব্যাহত আছে বলেও জানিয়েছেন সিআইডির এই কর্মকর্তা।

আজকালের কন্ঠ/আর বি