পূর্বধলায় ৫ দফার দাবিতে ইসালামী দলগুলোর সমাবেশ | Daily AjKaler Kontho

পূর্বধলায় ৫ দফার দাবিতে ইসালামী দলগুলোর সমাবেশ


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৬, ২০২৫, ৭:৪৪ অপরাহ্ন
পূর্বধলায় ৫ দফার দাবিতে ইসালামী দলগুলোর সমাবেশ

সুশীল আচার্য্য, নেত্রকোনা জেলা প্রতিনিধি : জুলাই সনদের ভিত্তিতে ত্রয়োদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠানসহ কেন্দ্র ঘোষিত ৫ দফা দাবিতে নেত্রকোনার পূর্বধলায় পৃথকভাবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী দলগুলো।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) এ অভিন্ন দাবিতে কর্মসূচি পালন করে ইসলামী দলগুলি।

প্রথমে জুমা নামাজের পর বাংলাদেশ জামায়াতে ইসলামী পূর্বধলা উপজেলা শাখার উদ্যােগে পূর্বধলা কাচারি মসজিদ সংলগ্ন মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে স্টেশন বাজারে সংক্ষিপ্ত সমাবেশ হয়।

সমাবেশে উপজেলা জামায়াতে ইসলামী সভাপতি মাহফুজুল হক নয়ন এর সভাপতিত্বে ও সেক্রেটারী ইমরুল হাসান এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ১৬০ নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী, জেলা শাখার সহকারী সেক্রেটারী অধ্যাপক মাছুম মোস্তফা।

পরে বিকাল ৩টার দিকে ইসলামী আন্দোলন বাংলাদেশ পূর্বধলা উপজেলা শাখার উদ্যােগে সাব-রেজিস্টার মসজিদ মাঠ হতে বিক্ষোভ মিছিল বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। একই স্থানে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি শামীম হোসেন এর সভাপতিত্বে ও সেক্রেটারী আমিনুল ইসলাম লিমন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ১৬০ নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী, জেলা শাখার সভাপতি মাওলানা নূরুল ইসলাম হাকিমী।

শেষে বিকাল সাড়ে ৩টার দিকে বাংলাদেশ খেলাফত মজলিস পূর্বধলা উপজেলা শাখার উদ্যােগে রেল স্টেশন চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলার জামতলা বাজার মোড়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ হয়।

সমাবেশে উপজেলা খেলাফত মজলিসের সহ-সভাপতি আবু তাহের এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ১৬০ নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনের খেলাফত মজলিস মনোনীত প্রার্থী, উপজেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা মোশাররফ হোসেন খান।

সমাবেশগুলোতে বক্তারা জুলাই সনদের দ্রুত বাস্তবায়ন, আওয়ামী লীগের দোসর ও ভারতের এজেন্ট বলে অভিহিত জাতীয় পার্টি ও ১৪ দলের রাজনীতি নিষিদ্ধকরণ, আসন্ন নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা, জুলাই গণহত্যার বিচার দৃশ্যমান করা এবং জাতীয় সংসদের উচ্চকক্ষে পিআর পদ্ধতি বাস্তবায়নের দাবি জানান।