নেত্রকোনা আবু আব্বাছ কলেজের শিক্ষার্থী ছুরির আঘাতে আহত | Daily AjKaler Kontho

নেত্রকোনা আবু আব্বাছ কলেজের শিক্ষার্থী ছুরির আঘাতে আহত


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৪, ২০২৫, ৭:১১ অপরাহ্ন
নেত্রকোনা আবু আব্বাছ কলেজের শিক্ষার্থী ছুরির আঘাতে আহত

সুশীল আচার্য্য, নেত্রকোনা জেলা প্রতিনিধি : নেত্রকোনায় তাঈম তালুকদার তনয় (১৭) নামে এক কলেজ ছাত্রকে ছুরিকাঘাতে জখম করা হয়েছে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে জেলা শহরের কুরপাড় এলাকার অবস্থিত আবু আব্বাস কলেজ প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।

পরে রক্তাক্ত অবস্থায় তনয়কে উদ্ধার করে প্রথমে নেত্রকোনা সদর হাসপাতালে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

তনয় আবু আব্বাস কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী। তনয় বারহাট্টা উপজেলার চিরাম ইউনিয়ন বিএনপির সভাপতি নয়ন তালুকদারের ছেলে। সে জেলা শহরের মোক্তারপাড়া এলাকায় থেকে পড়াশোনা করে।

নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ বিষয়টি নিশ্চিত করেছেন।

তনয়ের সহপাঠী ও পুলিশ সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে কলেজের দ্বাদশ শ্রেণির কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে তনয়ের নানা বিষয় নিয়ে দ্বন্দ্ব হয়। এতে ক্ষুব্ধ হয়ে মঙ্গলবার দুপুরের দিকে ১০-১২ জন সহযোগীদের নিয়ে তনয়ের ওপর হামলা চালায় ও পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। সহপাঠীরা তনয়কে উদ্ধার করে নেত্রকোনা সদর হাসপাতালে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসা শেষে তনয়কে মমেক হাসপাতালে রেফার্ড করেন চিকিৎসক।

নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহত শিক্ষার্থী তনয়কে মমেক হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনো কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আজকালের কন্ঠ/আর বি/এস