
নোয়াখালী জেলা প্রতিনিধি: নোয়াখালীর সেনবাগে উপজেলায় মোহাম্মদপুর ইউনিয়নের দক্ষিণ রাজারামপুর গ্রামে পুকুরের পানিতে ডুবে আপন দুই বোনের মৃত্যু হয়।মঙ্গলবার (১৯ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে এই ঘটনা ঘটে,রাজারামপুর গ্রামের বেলাল হোসেনের মেয়ে বিবি মরিয়ম অহি (১০) ও সিদরাতুল মুনতাহা ছহির (৬)।
স্থানীয় লোকজন ও পুলিশ জানায়, দুই বোন স্থানীয় একটি মাদরাসায় পড়ে।সকাল সাড়ে ৬টার দিকে তারা একসঙ্গে ঘরের পাশের পুকুর ঘাটে মুখ ধোয়ার জন্য যায়। সেখানে তারা ঘাটে একটি শামুক দেখতে পায়। একপর্যায়ে বড় বোন অহি শামুকটি হাত দিয়ে ধরতে গিয়ে পানিতে পড়ে যায়। তখন বড় বোনকে ধরতে গিয়ে ছোট বোন ছহিরও পুকুরের পানিতে পড়ে ডুবে যায়।
বাড়িতে থাকা সিসি ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণ করে এমন দৃশ্য দেখা যায়।পরে সকাল ৭টার দিকে দুই বোনকে অচেতন অবস্থায় পুকুরে ভাসতে দেখে তাদের বাড়ির এক চাচা উদ্ধার করেন। এরপর স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলে তিনি তাদের মৃত ঘোষণা করেন।
সেনবাগ থানার এসআই আব্দুর রউফ গণমাধ্যমকে বলেন,পুকুরের ঘাটলায় শামুক ধরতে গিয়ে বড় বোন পানিতে পড়ে যায়। পানিতে এক বোন পড়ে গেলে তাকে ধরতে গিয়ে ছোট বোনও পানিতে পড়ে ডুবে যায়। এতে তাদের দুজনেরই মৃত্যু হয়। কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
আজকালের কন্ঠ/আর এস/শাহাদাত
আপনার মতামত লিখুন :