উপদেষ্টা আসিফ মাহমুদের অপপ্রচারের প্রতিবাদ করলেন কাজী জুন্নুন বসরী | Daily AjKaler Kontho

উপদেষ্টা আসিফ মাহমুদের অপপ্রচারের প্রতিবাদ করলেন কাজী জুন্নুন বসরী


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুলাই ৩০, ২০২৫, ১০:৪৭ পূর্বাহ্ন
উপদেষ্টা আসিফ মাহমুদের অপপ্রচারের প্রতিবাদ করলেন কাজী জুন্নুন বসরী

কাজী শরীফ, কুমিল্লা জেলা প্রতিনিধি : মুরাদনগরের সন্তান ও পাঁচবার নির্বাচিত সাবেক সংসদ সদস্যের ভাই কাজী জুন্নুন বসরী নিজের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত মিথ্যা ও বানোয়াট তথ্যের প্রতিবাদ জানিয়ে ফেসবুকে একটি দীর্ঘ বিবৃতি দিয়েছেন।

তিনি দাবি করেন, সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা আসিফ মাহমুদ তার বিরুদ্ধে মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত প্রোপাগাণ্ডা ছড়াচ্ছেন। জুন্নুন বসরী বলেন, “আমি ফেসবুকে খুব একটা সক্রিয় নই। কিন্তু আজ আমাকে নিয়ে একজন উপদেষ্টা যে কল্পনাপ্রসূত স্ট্যাটাস দিয়েছেন, তার জবাব দেয়া জরুরি হয়ে পড়েছে।”

তিনি বলেন, মুরাদনগরের ঐতিহ্যবাহী পরিবার থেকে উঠে আসা তার বড় ভাই পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এবং সর্বজন শ্রদ্ধেয় একজন মানুষ। সেই জনপ্রিয়তার কারণেই হয়তো ঈর্ষান্বিত হয়ে উপদেষ্টা আসিফ মাহমুদ উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার বিরুদ্ধে অপপ্রচার শুরু করেছেন।

কাজী জুন্নুন বসরী আরও অভিযোগ করেন, একটি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করে তাকে জড়িয়ে অপপ্রচার চালানো হয়েছে, যার বিরুদ্ধে থানায় তিনি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, “আমি কোথায় হত্যাকাণ্ড নিয়ে উল্লাস করেছি, তা প্রমাণ করতে হবে। নইলে এটি কেবল রাজনৈতিক প্রতিহিংসার নগ্ন প্রকাশ।”

তিনি বলেন, সম্প্রতি সংঘটিত ট্রিপল মার্ডারকে কেন্দ্র করে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছেন আসিফ মাহমুদ। তিনি আরও দাবি করেন, হত্যাকাণ্ডের প্রধান আসামীর সাথে উপদেষ্টার পিতার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে এবং সেই প্রমাণ ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

সবশেষে কাজী জুন্নুন বসরী প্রশ্ন তোলেন, একজন উপদেষ্টা কীভাবে ইউনূস সরকারের ছায়ায় থেকে নিজ এলাকায় রাজনৈতিক প্রতিপত্তি বাড়াতে মিথ্যাচার ও প্রশাসনের অপব্যবহার করতে পারেন

আজকালের কন্ঠ/রাহাত/শরীফ