
মোঃ জাহেদুল ইসলাম, লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাট রেলওয়ে স্টেশন সংলগ্ন ওয়ার্কসেড এলাকায় সোমবার (২৮ জুলাই) দুপুর ২টার দিকে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে লালমনিরহাট-বুড়িমারী রেলপথে সকল ধরনের ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।
স্থানীয় ও রেল বিভাগ জানান, রাজধানী ঢাকা থেকে ছেড়ে আসা লালমনি এক্সপ্রেস ট্রেনটি বিলম্বে লালমনিরহাট স্টেশনে পৌছে যাত্রীদের নামিয়ে দেয়। এরপর এ আন্তঃনগর এ ট্রেনটি পরিস্কারের জন্য ওয়ার্কসেডের দিকে যাচ্ছিল। এ সময় একই লাইনে বুড়িমারী থেকে ছেড়ে আসা পার্বতীপুর গামি ৪৬১ নং বুড়িমারী কমিউটার ট্রেনটি লালমনিরহাট স্টেশনে প্রবেশ করছিল। এ সময় দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে যাত্রীহীন লালমনি এক্সপ্রেস ট্রেনের দুই রেক লাইন চ্যুত হয় এবং রেল লাইন সামান্য ক্ষতিগ্রস্থ হয়। তবে বুড়িমারী কমিউটারে যাত্রী থাকলেও হতাহতের কোন খবর পাওয়া যায়নি।
এ ঘটনার পর থেকে লালমনিরহাট বুড়িমারী রেলরুটে সকল ধরনের রেল যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। অপর দিকে পার্বতিপুর গামি বুড়িমারী কমিউটার ট্রেনটিও ঘটনাস্থলে আটকা পড়ে চরম দুর্ভোগে পড়েছে কমিউটারের যাত্রীরা। লাইন মেরামতসহ রেক উদ্ধার কাজ শুরু করেছে রেলওয়ের সংশ্লিষ্ট দপ্তর।
ঘটনাস্থলে উপস্থিত লালমনিরহাট বিভাগীয় রেলওয়ের নিরাপত্তা বিভাগের কর্মকর্তা আরএমবি বেনজির আহমেদ বলেন, যাত্রীদের হতাহতের কোন ঘটনা ঘটেনি। যাত্রীদের নিরাপত্তা দিচ্ছে নিরাপত্তাকর্মীরা। উদ্ধার কাজও শুরু করা হয়েছে।
লালমনিরহাট রেলওয়ের ডিএমই(লোকো) দপ্তরের সাজিদ হাসান নির্ঝর বলেন, রেল দুর্ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। উদ্ধার কাজ চলছে। কারও দায়িত্বের গাফিলতি থাকলে তা তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
আজকালের কন্ঠ/রাহাত/জাহেদুল
আপনার মতামত লিখুন :