গোমতী নদীর পাড়ে অজ্ঞাত যুবকের লাশ, চাঞ্চল্য মুরাদনগর | Daily AjKaler Kontho

গোমতী নদীর পাড়ে অজ্ঞাত যুবকের লাশ, চাঞ্চল্য মুরাদনগর


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুলাই ২৫, ২০২৫, ৬:০৪ অপরাহ্ন
গোমতী নদীর পাড়ে অজ্ঞাত যুবকের লাশ, চাঞ্চল্য মুরাদনগর

কুমিল্লা উত্তর জেলা প্রতিনিধি : কুমিল্লার মুরাদনগর উপজেলায় গোমতী নদীর পাড় থেকে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকাল ১১টার দিকে সদর ইউনিয়নের দক্ষিণ পাড়ার শ্মশানের পাশে লাশটি পড়ে থাকতে দেখা যায়।

স্থানীয়রা জানান, নদীর পাশ দিয়ে হাঁটার সময় পচা গন্ধ টের পান তারা। প্রথমে মৃত পশুর গন্ধ মনে হলেও কাছে গিয়ে দেখা যায় এক যুবকের মরদেহ। পরে মুরাদনগর থানা পুলিশকে খবর দেওয়া হয়।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান অতিরিক্ত পুলিশ সুপার (মুরাদনগর সার্কেল) এ কে এম কামরুজ্জামান ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান। পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

মুরাদনগর থানার ওসি জাহিদুর রহমান জানান, “নিহতের বয়স আনুমানিক ৩০ থেকে ৩৫ বছর হবে। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।”

 

আজকালের কন্ঠ/আর এস/শরীফ