বিমান দুর্ঘটনায় নিহতদের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় নীলফামারীতে জামায়াতের দোয়া | Daily AjKaler Kontho

বিমান দুর্ঘটনায় নিহতদের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় নীলফামারীতে জামায়াতের দোয়া


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুলাই ২৩, ২০২৫, ১১:১৩ পূর্বাহ্ন
বিমান দুর্ঘটনায় নিহতদের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় নীলফামারীতে জামায়াতের দোয়া

নীলফামারী প্রতিনিধি : রাজধানীর উত্তরা মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় নিহতদের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় নীলফামারীতে জামায়াতের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হযেছে। সংগঠনটির নীলফামারী জেলা শাখার আয়োজনে মঙ্গলবার (২২ জুলাই) বিকালে জেলা অফিস আল হেলাল একাডেমি প্রাঙ্গণে এই দোয়া মাহফিল অনুষ্টিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দোয়া পরিচালনা করেন ও বক্তব্য রাখেন জেলা আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা নায়েবে আমীর ড. খায়রুল আনাম, জেলা সেক্রেটারি মাওলানা আন্তাজুল ইসলাম, সহকারী সেক্রেটারি আল ফারুক আব্দুল লতিফ ও অধ্যাপক আনোয়ারুল ইসলাম, জেলা অফিস সেক্রেটারি প্রভাষক আব্দুল কাদিম প্রমুখ।

প্রধান অতিথি তাঁর বক্তব্য ও দোয়ায় নিহত কোমলমতি শিক্ষার্থী ও শিক্ষকসহ অন্যান্যদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং আহতসহ শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানান। তিনি নিহতদের শহীদ হিসেবে জান্নাতের উন্নত মাকাম প্রদান ও আহতদের দ্রুত সুস্থতা এবং শোকাহত পরিবারগুলোকে ধৈর্য্য ধারণের তাওফিক দানের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করেন।

এসময় উপস্থিত সকলে অশ্রু সজল চোখে আমিন আমিন বলে অনাকাঙ্ক্ষিত ও মর্মান্তিক এই ঘটনায় মর্ম বেদনা প্রকাশ করেন। সেই সাথে এই ধরনের দূর্যোগ থেকে বাংলাদেশকে রক্ষার আকুতি জানান মহান স্রস্টার দরবারে।

আজকালের কন্ঠ/আর বি/আর