
মোঃ আরিফ হোসেন আত্রাই-রাণীনগর সংবাদদাতা : নওগাঁর রাণীনগরে একটি মাদ্রাসার মসজিদ থেকে তামিম হোসেন (১০) নামে মাদ্রাসার এক শিশু শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাত ৮টার দিকে উপজেলার কালীগ্রাম ডাকাহার মুন্সিপুর মদিনাতুল উলুম হাফেজিয়া কওমি মাদ্রাসার মসজিদ থেকে লাশটি উদ্ধার করা হয়।
এদিন দুপুরের দিকে ওই মাদ্রাসার ওয়াক্তিয়া মসজিদের ভেতরে তীরের সঙ্গে গলায় রশির (দড়ি) ফাঁস লাগানো অবস্থায় ঝুলছিল শিক্ষার্থী তামিম হোসেনের লাশ। তামিম আত্মহত্যা করেছে নাকি কেউ তাকে হত্যা করে লাশ ঝুলিয়ে রেখেছে এ নিয়ে এলাকায় চলছে নানা গুঞ্জন। তবে তার মৃত্যুর সঠিক কারণ বলতে পারেনি কেউ।শিশু তামিম হোসেন রাজশাহীর চারঘাট উপজেলার খড়েরবাড়ি গ্রামের সাইদুল ইসলামের ছেলে।
মাদ্রাসার হিফজ বিভাগের শিক্ষক রিফাত হোসেন জানান, শিশু তামিম হিফজ বিভাগে লেখাপড়া করত। গত ২-৩ দিন ধরে গলায় টনসিলসহ জ্বরে ভুগছিল সে। শুক্রবার দুপুরে পাশের গ্রামে জামে মসজিদে জুমার নামাজ পড়তে গেলেও তামিম নামাজে যায়নি। নামাজের পর সবাই মাদ্রাসায় এসে দুপুরের খাবারের সময় তামিমকে দেখতে পায়নি। পরে খাবার শেষে তাকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে মাদ্রাসার ওয়াক্তিয়া মসজিদের ভেতরে তীরের সঙ্গে গলায় রশির ফাঁস লাগানো মৃত্যু অবস্থায় ঝুলতে দেখা যায়। সঙ্গে সঙ্গে রশি কেটে নামানো হয়।
মাদ্রাসার কিতাব বিভাগের ছাত্র তুষার রানা জানান, তামিম হোসেন মাদ্রাসার মধ্যে খুব মেধাবী ছিল। সবার সঙ্গে হাঁসি-খুশি ভাবেই চলাচল করত। শুক্রবার মাদ্রাসা ছুটি থাকায় মাদ্রাসার অদূরে সবাই ফুটবল খেলতে গিয়েছিলাম। সেখানে তামিমও আমাদের সঙ্গে ছিল। দুপুরে খাবার পর তামিমকে মসজিদের ভেতরে তীরের সঙ্গে গলায় রশির ফাঁস লাগানো মৃত্যু অবস্থায় পাওয়া যায়।
মাদ্রাসার মুহতামিম রেজুয়ানুল ইসলাম দুলাল বলেন, এদিন মাদ্রাসা ছুটি থাকায় তিনি বাড়িতে ছিলেন। নামাজ পর মাদ্রাসার একজন শিক্ষক তাকে ফোন করে বিষয়টি জানান। আসলে কিভাবে কী হয়েছে তা বলতে পারেননি তিনি।
এ ব্যাপারে রাণীনগর থানার ওসি আব্দুল হাফিজ মো. রায়হান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে শিশু শিক্ষার্থী তামিম হোসেনের লাশ উদ্ধার করে রাত সাড়ে ৮টার দিকে থানায় নিয়ে আসা হয়েছে। তার মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সে আত্মহত্যা করেছে।তিনি বলেন, ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের রিপোর্ট পেলেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
আজকালের কন্ঠ/আর এস/আরিফ
আপনার মতামত লিখুন :