
শাহজাহান আলী মনন, নীলফামারী জেলা প্রতিনিধি : আম্মাতোন খাতুনের বয়স ৬০ ছুইছুই। একমাত্র মেয়ে ও নাতিকে নিয়ে বসবাস করেন নীলফামারীর সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের আইসঢাল গ্রামে। তাঁর স্বামী মারা যায় বছর দুয়েক পূর্বে, নেই কোন ছেলে সন্তান।
একমাত্র মেয়ে লালবিবি (২৮)। বিয়ের কয়েক বছরের মাথায় স্বামী মারা যায়। এরপর একমাত্র ছেলে মো. লাভলু (৮) কে নিয়ে উঠেন মায়ের একটি মাত্র ভাঙ্গা ঘরে। সেখানেই অসহায় দুস্থ তিনটি মানুষের বসবাস।
নেই কোন আয় রোজগার। বাধ্য হয়ে মেয়ে লালবিবি খাতুন কাজ নেন স্থানীয় একটি কোম্পানিতে। সারাদিনে আয় হয় ২৫০ টাকা। তা দিয়েই খেয়ে না খেয়ে বেঁচে আছেন তারা।
থাকার একটা মাত্র ঘরও ভেঙ্গে হেলে পড়েছে। যেখানে নুন আনতে পান্তা ফুরানোর মতো অবস্থা। সেখানে কিভাবে ঘর ভাল করবেন। ভেবে কুলকিনারা না পেয়ে শরনাপন্ন হন স্বেচ্ছাসেবী সংগঠন হৃদয়ে সৈয়দপুরের।
সংগঠনটির কামারপুকুর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মো. রিদয় ইসলামের কাছে আম্মাতোন খাতুন আসলে তিনি বিষয়টি সংগঠনের সভাপতি সহ সদস্যদের জানান। এর ফলে তারা সকলে নিজ অর্থে একটি নতুন ঘর করে দেয়ার উদ্যোগ নেন।
এরই ধারাবাহিকতায় অসহায় আম্মাতোন খাতুনকে একটি নতুন দোচালা টিনের ঘর উপহার দেন হৃদয়ে সৈয়দপুর সংগঠন। গত ৬ জুলাই এই ঘর আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা অধ্যক্ষ রেজাউল করিম রেজা, ব্যবসায়ী রবিউল আউয়াল রবি, বুলবুল সরকার, আব্দুর রাজ্জাক রাজু, আজাদ মিয়া, কেন্দ্রীয় সভাপতি জোবাইদুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. রুবেল, উপজেলা সভাপতি মাসুদ পারভেজ, সাধারণ সম্পাদক মমিনুর রহমান, কামারপুকুর ইউনিয়ন সভাপতি মো. রুবেল ইসলাম, সাধারণ সম্পাদক মো. রিদয় ইসলাম, কাশিরাম ইউনিয়ন সাধারণ সম্পাদক মো। আতিকুল ইসলাম, মেসকাত রিদয়, তহিদুল ইসলাম, জনি সরকার, মো. রুবেল ইসলাম, মো. রাব্বানী ইসলাম, মো. নাদিম ইসলাম, ইয়াসির আরাফাত, সামিউল ইসলাম, মো. আকাশ, মো. রাজু, সাজু ইসলাম, সাব্বির ইসলাম, সবুজ ইসলাম প্রমুখ।
এ বিষয়ে সংগঠনটির কামারপুকুর ইউনিয়ন শাখার সভাপতি মো. রুবেল ইসলাম জানান, আম্মাতোন খাতুন মেয়ে ও নাতিকে নিয়ে খুব কষ্টে জীবনযাপন করেছে। বৃষ্টি হলে ভাঙ্গা ঘরে পানি ঢুকতো।আমরা তার সার্বিক দিক বিবেচনা করে ঘরটি নির্মাণ করে দিলাম।
সংগঠনের উপজেলা শাখার সাধারণ সম্পাদম মমিনুর রহমান জানান, হৃদয়ে সৈয়দপুর সংগঠন আর্তমানবতার সেবায় সাত বছর ধরে কাজ করে যাচ্ছে। আমরা গরীব মেয়ের বিয়ের বিদায় অনুষ্ঠান, গন সুন্নতে খাৎনা, ছাগল বিতরণ, দোকান নির্মাণ, সেলাই মেশিন বিতরণ সহ দরিদ্রদের স্বাবলম্বী করনে কাজ করে যাচ্ছি।
আজকালের কন্ঠ/আর বি/শাহজাহান
আপনার মতামত লিখুন :