ডিএমপির কঠোর নিরাপত্তা সুষ্ঠুভাবে পালিত হল তাজিয়া মিছিল | Daily AjKaler Kontho

ডিএমপির কঠোর নিরাপত্তা সুষ্ঠুভাবে পালিত হল তাজিয়া মিছিল


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুলাই ৬, ২০২৫, ৭:০৫ অপরাহ্ন
ডিএমপির কঠোর নিরাপত্তা সুষ্ঠুভাবে পালিত হল তাজিয়া মিছিল

সুমন খান : পবিত্র আশুরা উপলক্ষে ঢাকায় শিয়া সম্প্রদায়ের তাজিয়া মিছিল ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কঠোর নিরাপত্তা ব্যবস্থায় সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে।

গতকাল রবিবার (৬ জুলাই ২০২৫ খ্রি.) সকাল ১০টা সময়‌ পুরান ঢাকার হোসাইনী দালান থেকে প্রধান শোক মিছিলটি শুরু হয়। শিয়া সম্প্রদায়ের হাজারো মানুষ খালি পায়ে, বুক চাপড়ে, ’হায় হোসেন হায় হোসেন’ মাতম তুলে মিছিল শুরু করেন। মিছিলটি বকশি বাজার লেন, লালবাগ, শহীদ মাজার রোড, আজিমপুর, নীলক্ষেত, মিরপুর রোড, ঢাকা কলেজ, সায়েন্স ল্যাব, ধানমন্ডি আবাসিক এলাকা, বিজিবির ৪নং গেইট এবং সাত মসজিদ রোড হয়ে ধানমন্ডি লেকের পাড়ে প্রতীকী ‘কারবালা’ প্রান্তে গিয়ে শেষ হয়।

এর আগে, ঢাকা মেট্রোপলিটন এলাকায় সুষ্ঠুভাবে শোক মিছিল সম্পন্ন করতে, ডিএমপি মিছিলে দা, ছোরা, কাঁচি, বর্শা, বল্লম, তরবারি, লাঠি ইত্যাদি বহন এবং আতশবাজি ও পটকা ফোটানো সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করে।

প্রসঙ্গত, ১০ মুহররম তথা পবিত্র আশুরা সারা পৃথিবীতে মুসলমানদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও শোকাবহ এক দিন। শিয়া সম্প্রদায় এই দিনটি নানাবিধ আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে ব্যাপকভাবে পালন করে। এর মধ্যে তাজিয়া মিছিল উল্লেখযোগ্য। পুরান ঢাকার লালবাগের ঐতিহাসিক হোসাইনী দালান ইমামবাড়া, বড় কাটারা ইমামবাড়া ও ঢাকা মহানগরীর শিয়া সম্প্রদায় বিভিন্ন অনুষ্ঠান ও ঐতিহ্যবাহী শোক মিছিল আয়োজন করে থাকে।

আজকালের কন্ঠ/আর বি/সুমন