“ময়মনসিংহ পাউবোতে দুর্নীতির ‘সুপারবস’ জামিল! কমিশন ছাড়া মিলছে না কাজ" | Daily AjKaler Kontho

“ময়মনসিংহ পাউবোতে দুর্নীতির ‘সুপারবস’ জামিল! কমিশন ছাড়া মিলছে না কাজ”


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুন ৩০, ২০২৫, ২:৩৯ অপরাহ্ন
“ময়মনসিংহ পাউবোতে দুর্নীতির ‘সুপারবস’ জামিল! কমিশন ছাড়া মিলছে না কাজ”

ব্যুরো চীফ ময়মনসিংহ : ময়মনসিংহ পানি উন্নয়ন বোর্ড (পাউবো)-এর নির্বাহী প্রকৌশলী আখলাক উল জামিলের বিরুদ্ধে টেন্ডার কারসাজি, ঘুষ বাণিজ্য, অগ্রিম অর্থ উত্তোলন ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে তোলপাড় চলছে। একাধিক প্রকল্পে দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগে তিনি বর্তমানে আলোচনার কেন্দ্রবিন্দুতে অবস্থান করছেন।

বিশেষ করে ২০২৩ সালের ৯ সেপ্টেম্বর ব্রহ্মপুত্র নদীর বাঁধ নির্মাণ সংক্রান্ত টেন্ডারে মো. নাসির উদ্দিন মোল্লার কম দরপত্র থাকার পরও ‘কমিশন বাণিজ্যের’ মাধ্যমে কাজ তুলে দেওয়া হয় মেসার্স গুডম্যান এন্টারপ্রাইজকে। পরবর্তীতে গুডম্যান প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রকল্পটি অন্য এক ঠিকাদারকে হস্তান্তরের অভিযোগও রয়েছে।

এছাড়া ময়মনসিংহের মরিচারচর থেকে ঈশ্বরগঞ্জ পর্যন্ত নদীর বাম তীর রক্ষা প্রকল্প এখনো প্রক্রিয়াধীন থাকা অবস্থায় একাধিকবার অর্থ উত্তোলনের প্রমাণ মিলেছে। অভিযোগ রয়েছে, কাজের অনুমোদনের আগেই ঘুষের বিনিময়ে চুক্তি করা হয়েছে এবং ওয়ার্ক অর্ডার ছাড়াই অর্থ উত্তোলন করা হয়েছে।

নির্বাহী প্রকৌশলী জামিলের বিরুদ্ধে ঘনিষ্ঠ রাজনৈতিক আত্মীয়তার জোরে পদে থাকার এবং একাধিকবার বদলি হলেও ময়মনসিংহে ফিরে আসার অভিযোগ উঠেছে। জানা গেছে, তিনি দিনাজপুরের সাবেক এমপি ইকবালুর রহমানের ভাগ্নে, যা তার “ম্যানেজমেন্ট ক্ষমতার” ভিত্তি বলে অনেকের দাবি।

ঠিকাদার নাসির উদ্দিন অভিযোগ করে বলেন, “আমরা সঠিক নিয়মে কম দর দিয়েও টেন্ডারে কাজ পাইনি, কারণ আমরা কমিশনের জন্য রাজি হইনি।”

তাঁর বিরুদ্ধে ঢাকায় একাধিক বিলাসবহুল ফ্ল্যাট, দিনাজপুরে জমি, বাগানবাড়ি এবং নানা সম্পদের তথ্য উঠে এলেও প্রশাসনের নীরবতা এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।

এই বিষয়ে টিআইবি’র নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, “সরকারি প্রকল্পে দুর্নীতি প্রশ্রয় পেলে উন্নয়ন কার্যক্রম ব্যর্থ হবে। এখনই জড়িতদের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ প্রয়োজন।”

পাউবো (ইস্ট রিজিওন) এর অতিরিক্ত মহাপরিচালক মো. এনায়েত উল্লাহ জানান, “কোনো কর্মকর্তা আইনের ঊর্ধ্বে নয়। অভিযোগের সত্যতা যাচাই করে প্রমাণ মিললে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

আজকালের কন্ঠ/রাহাত/ব্যুরো