নওগাঁয় ধান-চালের অবৈধ মজুতবিরোধী অভিযান | Daily AjKaler Kontho

নওগাঁয় ধান-চালের অবৈধ মজুতবিরোধী অভিযান


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুন ২৭, ২০২৫, ২:২৮ পূর্বাহ্ন
নওগাঁয় ধান-চালের অবৈধ মজুতবিরোধী অভিযান

মোঃ আরাফাত আলী : নওগাঁয় ধান ও চালের বাজার নিয়ন্ত্রণে রাখতে অবৈধ মজুতবিরোধী অভিযান চালিয়েছে জেলা খাদ্য বিভাগ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে দুইটি রাইস মিলকে ২২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ জুন) দুপুর থেকে নওগাঁ সদর উপজেলার বিভিন্ন এলাকায় এই অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা খাদ্য নিয়ন্ত্রক ফরহাদ খন্দকার।

তিনি বলেন, “বাজারে চালের দাম অস্বাভাবিকভাবে বাড়ছে। এর পেছনে মজুতদারির অভিযোগ পাওয়া যাচ্ছিল। তাই সরেজমিনে অভিযান চালানো হয়েছে। যেসব মিলে অনুমোদন ছাড়া মজুত, গুদাম ব্যবস্থাপনায় অনিয়ম ও খাদ্য নিরাপত্তা আইন লঙ্ঘনের প্রমাণ পাওয়া যাচ্ছে, সেগুলোর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

এদিন বরেন্দ্র রাইস মিল ও কে.এস অটোমেটিক রাইস মিলে অভিযান চালিয়ে ধান ও চাল অনুমোদনহীনভাবে মজুত এবং সঠিকভাবে সংরক্ষণ না করার অভিযোগে তাদের ২২ হাজার টাকা জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নওগাঁ কার্যালয়ের সহকারী পরিচালক রুবেল হোসেন বলেন, “আমরা নিয়মিত বাজার তদারকি করছি। আজকের অভিযানে যেসব ত্রুটি পেয়েছি, সেগুলোর জন্য জরিমানা আরোপ করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলবে।”

অভিযানে খাদ্য বিভাগের অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। অভিযুক্ত প্রতিষ্ঠানগুলোকে সতর্ক করে প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদ ও নিয়ম মেনে কার্যক্রম চালানোর নির্দেশ দেওয়া হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি ও অবৈধ মজুতের প্রমাণ মিললে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

আজকালের কণ্ঠ / আরাফাত / এম