বাকেরগঞ্জে সাবেক পৌর মেয়রসহ আওয়ামী লীগের অর্ধশতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা | Daily AjKaler Kontho

বাকেরগঞ্জে সাবেক পৌর মেয়রসহ আওয়ামী লীগের অর্ধশতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুন ১৫, ২০২৫, ১:৩২ অপরাহ্ন
বাকেরগঞ্জে সাবেক পৌর মেয়রসহ আওয়ামী লীগের অর্ধশতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

জিয়াউল হক, বরিশাল প্রতিনিধি : বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় আওয়ামী লীগের অর্ধশতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে বিস্ফোরক ও চাঁদাবাজির অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।

গত ১৪ জুন (শনিবার) ১৪নং নিয়ামতি ইউনিয়নের খাস মহেশপুর গ্রামের ব্যবসায়ী নজরুল ইসলাম বাকেরগঞ্জ থানায় বাদী হয়ে এই মামলাটি দায়ের করেন।

মামলায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাবেক পৌর মেয়র লোকমান হোসেন ডাকুয়া, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মিজানুর রহমান, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোকলেচুর রহমান, উপজেলা শ্রমিকলীগের সভাপতি কালাম ডাকুয়া, পৌর যুবলীগের সভাপতি জিয়াউর রহমান রিপনসহ উপজেলার বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ের অর্ধশত নেতাকর্মীদের আসামি করা হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, আওয়ামী লীগ সরকার ক্ষমতার আমলে ক্ষমতার অপব্যবহার করে নিয়ামতি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিমল চন্দ্র সাহা ব্যবসায়ী মো: নজরুল ইসলামের কাছে বিভিন্ন সময়ে চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে বিভিন্ন সময়ে তাকে ভয় ভীতি দেখানো হয়। এরই ধারাবাহিকতায় গত বছর ৭ জুলাই সকাল ১১ টায় খাস মহেশপুর গ্রামে নজরুল ইসলামের বাড়ি সংলগ্ন মসজিদের সামনে পাঁকা রাস্তার উপর বিমল চন্দ্র সাহাসহ লোকমান হোসেন ডাকুয়া, মিজানুর রহমান, জিয়াউর রহমান রিপন খন্দকার, মোঃ মোকলেচুর রহমান, কালাম ডাকুয়া, শিবু দাস, জাহিদুল ইসলাম বাবু, রুহুল আমিন মাছুম, আসাদুজ্জামান খোকনের নেতৃত্বে অর্ধশত লোকজন উপস্থিত হয়ে নজরুল ইসলামের পথরোধ করে দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে ককটেল বিস্ফোরন করে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে। এ সময় নজরুল ইসলামের নিকটে থাকা নগদ (দুই লক্ষ) টাকা চাঁদা হিসেবে নিয়ে যায়।

এদিকে, আওয়ামী লীগের স্থানীয় নেতারা এই মামলা ভিত্তিহীন দাবি করে বলেন, এটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ণ করার ষড়যন্ত্র হতে পারে।

বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আবুল কালাম আজাদ জানান, আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে নজরুল ইসলাম বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।