মোহনগঞ্জে এক যুবককে গলাকাটা হত্যার প্রধান আসামি আটক | Daily AjKaler Kontho

মোহনগঞ্জে এক যুবককে গলাকাটা হত্যার প্রধান আসামি আটক


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুন ৪, ২০২৫, ১২:০২ অপরাহ্ন
মোহনগঞ্জে এক যুবককে গলাকাটা হত্যার প্রধান আসামি আটক

সুশীল আচার্য্য, নেত্রকোনা জেলা প্রতিনিধি : নেত্রকোনার মোহনগঞ্জে ইদু মিয়া (২০) নামে এক যুবককে গলাকাটা হত্যার রহস্য উদঘাটন ঘটনায় মোঃ রফিক ওরফে হাবু ওরফে আবু (২৮) নামে এক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে মোহনগঞ্জ থানা পুলিশ।

মঙ্গলবার বিকালে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সাহেব আলী পাঠান এ তথ্য নিশ্চিত করেছেন। সোমবার মোহনগঞ্জ উপজেলার ছয়াশী (হাটনাইয়া) এলাকা থেকে পুলিশ ও জেলা গোয়েন্দার (ডিবি) যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায় গ্রেপ্তারকৃত মোঃ রফিক ওরফে হাবু ওরফে আবু উপজেলার ছয়াশী গ্রামের মৃত আব্দুল হেকিমের ছেলে। পরে আদালতে হত্যার বিষয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে আসামী।

পুলিশ জানায়, গত ২৬ মে রাত সাড়ে ৯টার দিকে মোহনগঞ্জ উপজেলার আদর্শনগর শিবির এলাকার বাসিন্দা ইদু মিয়া নিখোঁজ হন। পরদিন সকালে স্থানীয়রা পাশের পরিত্যক্ত ব্র্যাক স্কুলের ভেতরে ভিকটিম ইদু মিয়ার গলা কাটা লাশ উদ্ধার করে। এ ঘটনায় পরদিন নিহতের বড় ভাই মোঃ সুমন মিয়া বাদী হয়ে মোহনগঞ্জ থানায় অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। গ্রেপ্তার আবুর স্বীকারোক্তির বরাতে পুলিশ আরও জানায়, স্থানীয় মোশারফ হোসেন নামে এক যুবকের সাথে অনলাইন জুয়া খেলা সংক্রান্ত আর্থিক বিরোধ ছিল ইদু মিয়ার।

এরই জেরে গত ২৬মে রাতে ইদু মিয়াকে কৌশলে ডেকে বাইরে নিয়ে যায় মোঃ রফিক ওরফে হাবু ওরফে আবু ও মোশারফসহ আরও কয়েকজন। পরে মুখ বেঁধে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারী আঘাত করে এবং পরে গলা কেটে নির্মমভাবে হত্যা করে। হত্যার পর ব্যবহৃত অস্ত্রটি ঘটনাস্থলের পাশের একটি বিলে ফেলে পালিয়ে যায় আসামীরা। মোহনগঞ্জ থানার ওসি মোঃ আমিনুল ইসলাম বলেন, ঘটনার পরপরই রহস্য উদঘাটনে কাজ শুরু করি। এক পর্যায়ে একটি সিসিটিভি ফুটেজ আমাদের লক্ষ্যে পৌঁছাতে সহায়তা করে।

মূলত অনলাইন জুয়া খেলা সংক্রান্ত বিরোধের জেরে এই হত্যাকান্ডের ঘটনা ঘটে। হত্যায় জড়িত সবাইকে সনাক্ত করা হয়েছে। একজন আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে এবং স্বীকারোক্তি দিয়েছে। পলাতক মোশারফসহ অন্য আসামীদের গ্রেপ্তারে অভিযান চলছে। দ্রুত তাদের গ্রেপ্তার করা হবে।