বাউফলে লঞ্চঘাটের জেটি ভেঙে সহস্রাধিক যাত্রী ও শিক্ষার্থীরা দুর্ভোগে | Daily AjKaler Kontho

বাউফলে লঞ্চঘাটের জেটি ভেঙে সহস্রাধিক যাত্রী ও শিক্ষার্থীরা দুর্ভোগে


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মে ২০, ২০২৫, ৬:১৪ অপরাহ্ন
বাউফলে লঞ্চঘাটের জেটি ভেঙে সহস্রাধিক যাত্রী ও শিক্ষার্থীরা দুর্ভোগে

বাউফল ( পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর বাউফল উপজেলার নিমদী লঞ্চঘাটের টার্মিনালের সঙ্গে সংযোগকারী জেটি ভেঙে যাওয়ার এক বছর পার হলেও এখনো সংস্কার হয়নি। প্রতিদিন এই ঘাট দিয়ে হাজারো যাত্রী যাতায়াত করে। ফলে যাত্রীদের পাশাপাশি উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়ের ২শতাধীক শিক্ষার্থী চরম দুর্ভোগে পড়েছে। ধানদী এলাকার বাসিন্দা ও বরিশালগামী যাত্রী মো. সাহাবুদ্দিন চৌধুরী জানান, “গত ৯ মাস ধরে জেটিটি ভেঙে পড়ে আছে। প্রতিদিন শত শত যাত্রী জীবনের ঝুঁকি নিয়ে ঘাটে উঠানামা করছে।”

সরেজমিনে দেখা গেছে, চন্দ্রদ্বীপ ইউনিয়নের খেয়া ব্যবহার করে ধানদী সরকারি প্রাথমিক বিদ্যালয়, ধানদী হাইস্কুল, ধানদী কামিল মাদ্রাসা এবং বাউফল কলেজের কয়েক শত শিক্ষার্থী প্রতিদিন যাতায়াত করে। জোয়ারের সময় ঘাট দিয়ে উঠানামা করতে এসব শিক্ষার্থীদের পোশাক পানিতে ভিজে যায়, যা অত্যন্ত কষ্টদায়ক।

স্থানীয়রা অভিযোগ করে বলেন, নৌপরিবহন কর্তৃপক্ষের অবহেলার কারণেই এই সমস্যার সমাধান হচ্ছে না। দ্রুত সংস্কার কাজ শুরুর দাবি যাতায়াতকারী সকল শ্রেণী পেশার মানুষের।এ বিষয়ে পটুয়াখালী জেলা নদীবন্দর কর্মকর্তা জাকী সাহারিয়ার বলেন, “নিমদী লঞ্চঘাটের ভেঙে যাওয়া জেটি মেরামতের জন্য নৌপরিবহন সেক্টরের প্রকৌশল বিভাগকে অবহিত করা হয়েছে। অল্প সময়ের মধ্যেই মেরামত কাজ শুরু হবে।”