কুয়াকাটায় জলবায়ু ঝুঁকি চিহ্নিতকরণ ও অভিযোজন পরিকল্পনা কর্মসূচি শুরু | Daily AjKaler Kontho

কুয়াকাটায় জলবায়ু ঝুঁকি চিহ্নিতকরণ ও অভিযোজন পরিকল্পনা কর্মসূচি শুরু


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মে ১৭, ২০২৫, ৩:০৮ অপরাহ্ন
কুয়াকাটায় জলবায়ু ঝুঁকি চিহ্নিতকরণ ও অভিযোজন পরিকল্পনা কর্মসূচি শুরু

কুয়াকাটা (পটুয়াখালী) সংবাদদাতা : জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় ঝুঁকি চিহ্নিতকরণ ও গ্রামভিত্তিক অভিযোজন পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে কুয়াকাটায় শুরু হয়েছে দুই দিনব্যাপী একটি বিশেষ কর্মসূচি। শনিবার সকাল ১০টায় কুয়াকাটার আজিমপুর এলাকায় আম্বিয়া বেগমের বাড়িতে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

‘বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য পরিবেশবান্ধব কৃষি চর্চার মাধ্যমে জলবায়ু সহনশীল অভিযোজন কৌশল বৃদ্ধিতে সক্ষমতা অর্জন (একর‍্যাব)’ প্রকল্পের আওতায় কারিতাস বরিশাল অঞ্চলের আয়োজনে এই কর্মসূচিতে অংশ নেন স্থানীয় কৃষক, শিক্ষক, সামাজিক সংগঠকসহ নানা শ্রেণি-পেশার মানুষ।

কর্মসূচির শুরুতেই অংশগ্রহণকারীরা গ্রামটি সরেজমিন পরিদর্শন করেন এবং পরে একটি চিত্রম্যাপ প্রণয়ন করেন। ওই ম্যাপে গ্রামটির বাড়িঘর, সড়ক, কালভার্ট, খাল, ধর্মীয় প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও চাষযোগ্য জমিসহ জলবায়ু ঝুঁকিপূর্ণ স্থানগুলো চিহ্নিত করা হয়। আয়োজকদের মতে, এ চিত্রম্যাপ অভিযোজন পরিকল্পনা প্রণয়নে বাস্তবভিত্তিক সিদ্ধান্ত গ্রহণে সহায়ক হবে।

পরবর্তীতে অনুষ্ঠিত সচেতনতামূলক সভায় সভাপতিত্ব করেন কারিতাস বরিশাল অঞ্চলের ধরিত্রী ও একর‍্যাব প্রকল্পের জুনিয়র কর্মসূচি কর্মকর্তা মি. জর্জ বৈরাগী।
সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি গবেষণা ইনস্টিটিউট, পটুয়াখালীর সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা মো. আফজাল হোসেন, উপকূলীয় মানব উন্নয়ন সংস্থা (সিকোডা)-এর নির্বাহী পরিচালক ও জাতীয় দৈনিক ‘আজকালের কণ্ঠ’-এর উপ-সম্পাদক মো. মিজানুর রহমান, আজিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. নাসির উদ্দিন, ধরিত্রী প্রকল্পের ফ্যাসিলিটেটর নিয়ন্ত গমেজ এবং একর‍্যাব প্রকল্পের অন্যান্য কমিউনিটি মোবিলাইজাররা।

প্রোগ্রামটি পরিচালনা করেন একর‍্যাব প্রকল্পের কমিউনিটি মোবিলাইজার উম্মে খাদিজা।

আয়োজকরা জানান, কর্মসূচির দ্বিতীয় দিনেও মাঠ পর্যায়ের অভিজ্ঞতা এবং অংশগ্রহণমূলক পদ্ধতির মাধ্যমে অভিযোজন পরিকল্পনা প্রণয়নের কাজ চলবে।