কুয়াকাটা সৈকতে গোসলে নেমে পর্যটকের মৃ'ত্যু | Daily AjKaler Kontho

কুয়াকাটা সৈকতে গোসলে নেমে পর্যটকের মৃ’ত্যু


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মে ১০, ২০২৫, ৪:২২ অপরাহ্ন
কুয়াকাটা সৈকতে গোসলে নেমে পর্যটকের মৃ’ত্যু

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে গোসলে নেমে ঢেউয়ের তোড়ে ডুবে গিয়ে রাজেশ কুমার পাল (৪০) নামের এক পর্যটক মারা গেছেন। শনিবার বেলা ১১টার দিকে সৈকতের জিরো পয়েন্টের পশ্চিম পাশে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত রাজেশ রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার বাসিন্দা। তিনি শরৎ কুমার পালের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাজেশ কুমার পাল তার চাচাতো ভাই ও ভগ্নিপতিকে সঙ্গে নিয়ে শুক্রবার কুয়াকাটা ভ্রমণে আসেন এবং হোটেল ‘সাগর নীড়’-এ ওঠেন। শনিবার সকাল ১০টার দিকে তারা সমুদ্র সৈকতে গোসল করতে নামেন। গোসলের একপর্যায়ে রাজেশ হঠাৎ করে সমুদ্রের প্রবল ঢেউয়ে গভীর দিকে চলে গিয়ে ডুবে যান।

তার স্বজনদের চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে কুয়াকাটা ২০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মহিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।