ল্যাবসমূহ ২৪ ঘন্টা খোলা রাখার সিদ্ধান্তে সন্তুষ্ট ইবি শিক্ষার্থীরা | Daily AjKaler Kontho

ল্যাবসমূহ ২৪ ঘন্টা খোলা রাখার সিদ্ধান্তে সন্তুষ্ট ইবি শিক্ষার্থীরা


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : এপ্রিল ২০, ২০২৫, ২:৪০ অপরাহ্ন
ল্যাবসমূহ ২৪ ঘন্টা খোলা রাখার সিদ্ধান্তে সন্তুষ্ট ইবি শিক্ষার্থীরা

ইবি প্রতিনিধি: বিভিন্ন বিভাগের বিশেষায়িত গবেষণা ল্যাবসমূহ শিক্ষার্থীদের স্বার্থে সার্বক্ষণিক (২৪/৭) খোলা রাখার সিদ্ধান্ত নিতে যাচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয় প্রশাসন। এতে সন্তুষ্টি প্রকাশ করেছেন শিক্ষার্থীরা।

গতকাল (১৯ এপ্রিল) ইসলামী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাবের সভাপতি ইজমাতুল ফেরদৌস ও সাধারণ সম্পাদক জুনাইদুল মোস্তফা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইসলামী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের বিশেষায়িত গবেষণা ল্যাব ব্যবহারে বাধা প্রদানের অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগের প্রেক্ষিতে গতকাল দুপুর ১:৩০টায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মহোদয়ের কার্যালয়ে এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রক্টর মহোদয়, সংশ্লিষ্ট বিভাগসমূহের শিক্ষকমণ্ডলী, শিক্ষার্থী প্রতিনিধিবৃন্দ, ছাত্র ও সাংবাদিক সংগঠনের সদস্যবৃন্দ এবং ইসলামী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাবের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় প্রক্টর মহোদয় জানান, উক্ত ঘটনার বিষয়ে তিনি পূর্বে অবগত ছিলেন না এবং তথ্যগত অসংগতির কারণে কিছুটা ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছিল, যা অত্যন্ত দুঃখজনক। তিনি এ ঘটনার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেন। আমরাও ইসলামী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাবের পক্ষ থেকে এ ঘটনায় সৃষ্ট বিভ্রান্তির জন্য দুঃখ প্রকাশ করছি।

আলোচনার প্রেক্ষিতে প্রক্টর মহোদয় আশ্বাস দেন যে, গবেষণামুখী শিক্ষার্থীদের স্বার্থ বিবেচনায় বিশেষায়িত গবেষণা ল্যাবসমূহ সার্বক্ষণিক (২৪/৭) খোলা রাখার বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিকট গুরুত্ব সহকারে উপস্থাপন করা হবে। একইসঙ্গে, এসব ল্যাব ব্যবস্থাপনায় বিভাগভিত্তিক একটি সুস্পষ্ট নীতিমালা প্রণয়ন ও নিরাপত্তা রক্ষায় প্রবেশ-বহির্গমন বিষয়ক লগবুক সংরক্ষণের প্রয়োজনীয়তা নিয়েও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হবে।

ইসলামী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাব বিশ্ববিদ্যালয় প্রশাসনের দ্রুত সাড়া ও শিক্ষার্থীবান্ধব দৃষ্টিভঙ্গির জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছে। আমরা বিশ্বাস করি, এই আশ্বাসসমূহ অদূর ভবিষ্যতে বাস্তবায়িত হলে গবেষণার অনুকূল পরিবেশ প্রতিষ্ঠা পাবে এবং শিক্ষার্থীরা আরও উৎসাহ ও স্বাধীনতায় গবেষণামূলক কর্মকাণ্ডে অংশ নিতে পারবে।বিজ্ঞান, গবেষণা ও যৌক্তিক দাবির পক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাব সবসময় সচেষ্ট ও সহযোদ্ধা থাকবে—এটাই আমাদের প্রতিশ্রুতি।

প্রসঙ্গত, গত ১৮ এপ্রিল ইসলামী বিশ্ববিদ্যালয়ে রাত ৮টার পর বিভিন্ন বিভাগের ল্যাব ব্যবহারে বাধা দেওয়ার অভিযোগ ওঠে। ‘উপর মহলের নির্দেশ’ এর কথা বলে শিক্ষার্থীদের ল্যাব থেকে বের করে দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন অনেকে। এ ঘটনাকে কেন্দ্র করে শনিবার (১৯ এপ্রিল) এক বিবৃতিতে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় সায়েন্স ক্লাব। পরবর্তীতে প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামান সংশ্লিষ্ট সকলের সাথে আলোচনা করে সার্বক্ষনিক ল্যাব খোলা রাখার আশ্বাস দেন।