পটুয়াখালীতে ফুটবল খেলতে গিয়ে ট্রলারডুবি, নিখোঁজ যুবক | Daily AjKaler Kontho

পটুয়াখালীতে ফুটবল খেলতে গিয়ে ট্রলারডুবি, নিখোঁজ যুবক


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : এপ্রিল ৩, ২০২৫, ১২:৪৮ পূর্বাহ্ন
পটুয়াখালীতে ফুটবল খেলতে গিয়ে ট্রলারডুবি, নিখোঁজ যুবক

ফেরদাউসুর রহমান, পটুয়াখালী সদর থানা প্রতিনিধি : পটুয়াখালীতে ফুটবল খেলতে গিয়ে ট্রলারডুবিতে এক যুবক নিখোঁজ হয়েছেন। মঙ্গলবার (১ এপ্রিল) বিকেল ৫টার দিকে গলাচিপা উপজেলার পাতাবুনিয়া গ্রাম সংলগ্ন নদীতে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, একদল যুবক পাশের উপজেলা দশমিনার পাতারচরে ফুটবল খেলতে গিয়েছিলেন। খেলা শেষে ট্রলারে করে ফেরার পথে মাঝনদীতে ট্রলারটি হঠাৎ ডুবে যায়।

ট্রলারে থাকা ২০-২৫ জন যাত্রীর মধ্যে সবাই সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও ‌মো. জামাল হোসেন (২৫) নামের এক যুবক নিখোঁজ হন। নিখোঁজ জামাল রতনদী তালতলী ইউনিয়নের দক্ষিণ নিমহাওলা গ্রামের বাসিন্দা মো. কালাম শরীফের ছেলে। ঘটনার পরপরই উদ্ধারকাজ শুরু করেন স্থানীয়রা।
এ বিষয়ে রতনদী তালতলী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. মাসুম বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে স্থানীয়রা উদ্ধার কার্যক্রম চালিয়েছে। তবে এখনও জামালের সন্ধান পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস সদস্যরাও উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছেন।

গলাচিপা ফায়ার সার্ভিস স্টেশনের এক কর্মকর্তা মুঠোফোনে বলেন, নিখোঁজ যুবককে উদ্ধারে চেষ্টা চলছে। নদীর গভীরতা ও রাত হওয়ার কারণে কিছুটা সময় লাগতে পারে। রাত হওয়ায় উদ্ধারকাজ চালানো সম্ভব নয়। ডুবুরি আনা হয়েছে, সকাল থেকে আবার উদ্ধার কাজ শুরু হবে।
তিনি আরও জানান, ট্রলারটি ছোট এবং অতিরিক্ত যাত্রী বহন করায় এটি ডুবে যায় বলেও জানান তিনি ।