মোটরসাইকেল দুর্ঘটনায় সদ্য বিবাহিত যুবকের মৃ-ত্যু | Daily AjKaler Kontho

মোটরসাইকেল দুর্ঘটনায় সদ্য বিবাহিত যুবকের মৃ-ত্যু


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জানুয়ারী ২৩, ২০২৫, ১:২৩ অপরাহ্ন
মোটরসাইকেল দুর্ঘটনায় সদ্য বিবাহিত যুবকের মৃ-ত্যু

মো: নাজমুল হোসেন, পিরোজপুর প্রতিনিধি : মাত্র ০৪দিন পূর্বে ১৮ জানুয়ারি বিয়ে করে বন্ধুর সাথে মোটরসাইকেলে ঘুরতে গিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন রাকিব জমাদ্দার (২৩) নামে এক যুবক।

গত মঙ্গলবার (২১ জানুয়ারি) রাত ১১.৩০ টার দিকে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার চরখালি মঠবাড়িয়া সড়কে ঝাউতলা এলাকায় নির্মাণাধীন কালভার্টের গর্তে পরে নিহত হন রাকিব। এ দুর্ঘটনায় রাকিবের বন্ধু সুব্রত হালদার (২০) ও গুরুতর আহত হন।

জানা যায়, নিহত রাকিব জমাদ্দার মঠবাড়িয়া উপজেলার ভগীরথপুর ইউনিয়নের ছোট শৌলা গ্রামের কবির জমাদ্দারের ছেলে। আহত সুব্রত হালদার জিয়ানগর উপজেলার রামচন্দ্রপুর গ্রামের রবীন্দ্রনাথ হালদারের ছেলে।

মঠবাড়ীয়া উপজেলার মিরুখালী ইউনিয়নের ০২ নং ওয়ার্ডের ইউপি সদস্য মনির হাওলাদার বলেন, মঙ্গলবার রাত ১১.৩০ টার দিকে চরখালী থেকে আসা একটি মোটরসাইকেল ঝাউতলা বাজারের কাছে নির্মানাধীন একটি কালভার্টের গর্তে পরে যায়।

এ সময় ঘটনাস্থলেই চালকের আসনে বসা রাকিব মারা যায়। আমি সংবাদ পেয়ে পুলিশকে খবর দিই, তবে পুলিশ আসার আগেই পরিবারের লোকজন এসে রাকিবের লাশ বাড়িতে নিয়ে যায়। আহত ব্যক্তিকে উদ্ধার করে প্রথমে ভান্ডারিয়া স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করলে ও পরে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, নিহতের বাড়ি মঠবাড়ীয়া উপজেলায়, কিন্তু ঘটনা ঘটেছে ভান্ডারিয়া উপজেলায়। নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।