শরীয়তপুরের ভেদরগঞ্জে বিনামূল্যে চোখের চিকিৎসা সেবা পেল ৫০০ রোগী | Daily AjKaler Kontho

শরীয়তপুরের ভেদরগঞ্জে বিনামূল্যে চোখের চিকিৎসা সেবা পেল ৫০০ রোগী


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জানুয়ারী ১৯, ২০২৫, ১:১৪ অপরাহ্ন
শরীয়তপুরের ভেদরগঞ্জে বিনামূল্যে চোখের চিকিৎসা সেবা পেল ৫০০ রোগী

নাসির খান (শরীয়তপুর) : শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় প্রথমবারের মতো হারুন স্যার স্মৃতি ফাউন্ডেশন এর উদ্যোগে প্রায় ৫’শ জন মানুষকে বিনামূল্যে চোখের চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।

১৮ জানুয়ারি শনিবার উপজেলার রামভদ্রপুর ইউনিয়নের সেনেরবাজারে সকাল ১০টা থেকে দিন ব্যাপী ফ্রি চক্ষু সেবা ও ছানি রোগী বাছাই করা হয়।

বিনামূল্যে চোখের আধুনিক চিকিৎসা সেবা পেয়ে হাসি ফুটেছে সাধারণ মানুষের মুখে। যাদের বেশিরভাগই দারিদ্র ও নিম্নআয়ের মানুষ। এছাড়া সেবা নিতে আসা মানুষজনের মধ্যে ষাটোর্ধ রোগীর সংখ্যা ছিল উল্লেখযোগ্য।

দীর্ঘদিন ধরে ভালোভাবে চোখে দেখতে পারছিলেন না কার্তিকপুর গ্রামের ৭০ বছর বয়সী বৃদ্ধ আলী মিয়া। দারিদ্রতার কারণে চোখের চিকিৎসাও করাতে পারছিলেন না তিনি। শনিবার বিনা খরচে সেবা পাওয়ার খবরে তিনি এই ক্যাম্পে এসেছেন।

বিঝারি গ্রামের আমেনা বেগম বলেন, চোখে ছানি পড়ছে। ডাক্তাররা বলছে, নড়িয়া চক্ষু হাসপাতালে নিয়ে অপারেশন করাবে। সব খরচ তাদের। আমি তাদের জন্য দোয়া করি।

ভোজেশ্বর গ্রামের ৬৫ বছর বয়সী বৃদ্ধ ফজলুল হক বলেন, চোখে মাংস বৃদ্ধির সমস্যার কারণে অপারেশন করা লাগবে বলে জানিয়েছে ডাক্তার। তারা আমাকে নড়িয়া নিয়ে চক্ষু অপারেশন করাবে এবং বাড়ি পৌছে দিবে। আমি অনেক খুশি। তাদের জন্য দোয়া করি।