
নীলফামারী জেলা প্রতিনিধি : নীলফামারীর ডোমার উপজেলা শহরের ট্রাফিক ব্যবস্থাপনা ঠিক করার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
আজ রবিবার (১২ জানুয়ারি) সকালে নীলফামারীর ডোমারে শহরের রেলগেট মোড়ে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।নবজাগরণ ডোমার-এর আয়োজনে এবং হৃদয়ে ডোমার-এর সহযোগিতায় অনুষ্ঠিত মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
এতে ডোমারের সিনিয়র সাংবাদিক আব্দুল্লাহ আল মামুন সোহাগ বলেন, ‘থানায় টাকা ছাড়া কাজ হয় না। আগে ঘুষ লাগতো পাঁচ টাকা, আর এখন লাগে সাত টাকা। পুলিশের কাজের রেট বাড়িয়ে দেওয়া হয়েছে’।
তরুন ইসলামিক বক্তা মাওলানা কামরুল ইসলাম আরেফির সঞ্চালনায় মানববন্ধনে আরও বক্তব্য দেন ডোমার উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. সোহেল রানা, শ্রমিক নেতা জাকিরুল ইসলাম বাবলু, সমন্বয়ক মাহির মিলন, অর্নব আহমেদ আলিফ, আতিকুর রহমান আতিক, সজিব ইসলামসহ অনেকে।
ডোমার থানার ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) মিজানুর রহমান জানান, ‘জনবল সংকটের কারনে যানজট সামলানোয় অনেক হিমসিম খেতে হচ্ছে। পৌর প্রশাসক ও আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এ ব্যাপারে তারা পদক্ষেপ নেয়ার প্রতিশ্রতি দিয়েছেন।’
ডোমার থানা অফিসার ইনচার্জ (ওসি) আরিফুল ইসলাম জানান, ‘রাজনীতিবিদদের বক্তব্যে আমার কিছু যায় আসেনা। টাকা ছাড়া যারা কাজ করেনা তাদের হাতেনাতে ধরবেন, আমরা ব্যবস্থা নেব।’
মানববন্ধনে শহরের সড়ক ব্যবস্থাপনা ও পুলিশ প্রশাসনের কার্যক্রম নিয়ে সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ প্রকাশ পায়।
আপনার মতামত লিখুন :