পাঠ্যপুস্তকে মুক্তিযুদ্ধের অধ্যায় রাখলে পূর্ণতা পেত: রিজভী | Daily AjKaler Kontho

পাঠ্যপুস্তকে মুক্তিযুদ্ধের অধ্যায় রাখলে পূর্ণতা পেত: রিজভী


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জানুয়ারী ২, ২০২৫, ৫:৪৬ অপরাহ্ন
পাঠ্যপুস্তকে মুক্তিযুদ্ধের অধ্যায় রাখলে পূর্ণতা পেত: রিজভী

আজকালের কন্ঠ ডেস্ক : কয়েকজন জাতীয় নেতার নামে পাঠ্যবইয়ে অধ্যায় করা হয়েছে, তবে পাঠ্যপুস্তকে মুক্তিযুদ্ধের অধ্যায় রাখলে তা পূর্ণতা পেত বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

আজ বৃহস্পতিবার (২ জানুয়ারি) সিলেট মহানগরীর হুমায়ুন রশীদ চত্বর০-সংলগ্ন স্থানে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।রিজভী জানান, কয়েকজন জাতীয় নেতার নামে পাঠ্যবইয়ে অধ্যায় করা হয়েছে। কিন্তু স্বাধীনতা থেকে মুক্তিযুদ্ধ পর্যন্ত একটি অধ্যায় রাখলে ভালো হতো। পাঠ্যপুস্তকে মুক্তিযুদ্ধের অধ্যায় রাখলে তা পূর্ণতা পেত।

শেখ হাসিনার পতন নিয়ে তিনি বলেন, আমরা ভয়ংকর নির্যাতনকে মেনে নিয়ে বুলেটের সামনে দাঁড়িয়ে গণতন্ত্রকে পুনরুদ্ধার করার জন্য রাজপথে লড়াই করেছি। তারপরও আমরা পিছপা হইনি। সাড়ে ১৫ বছর নির্যাতন নিপীড়ন সহ্য করে আন্দোলন করার ফলে জুলাই বিপ্লবে হাসিনার পতন হয়েছে। আমাদের নেত্রীকে কারাগারে নিয়ে নির্যাতন করা হয়েছে। সাড়ে ১৫ বছর গণতান্ত্রিক আন্দোলনের ফলেই জুলাই বিপ্লবে ফ্যাসিবাদের পতন হয়েছে।

জামায়াতে ইসলামীর প্রতি ইঙ্গিত করে রিজভী বলেন, একটি ইসলামপন্থি রাজনৈতিক দলকে বলতে চাই, একাত্তরের মুক্তিযুদ্ধে আপনাদের ভূমিকা কী ছিল? আপনারা কোন কোন সেক্টরে যুদ্ধ করেছেন? আপনারা কোন সেক্টর কমান্ডারের অধীনে যুদ্ধ করেছেন? বাংলাদেশে কেউ আর দেশপ্রেমিক নেই? একটি রাজনৈতিক দল দেশপ্রেমিক- এই ধরনের বিভ্রান্তি আপনারা তৈরি করলে বাংলাদেশের মানুষ হাসবে।