পুলিশকে সক্রিয় হওয়ার দাবীতে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে শিক্ষার্থীদের অবস্থান | Daily AjKaler Kontho

পুলিশকে সক্রিয় হওয়ার দাবীতে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে শিক্ষার্থীদের অবস্থান


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ডিসেম্বর ২৩, ২০২৪, ১০:৩৬ পূর্বাহ্ন
পুলিশকে সক্রিয় হওয়ার দাবীতে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে শিক্ষার্থীদের অবস্থান

মোঃ আরাফাত আলী
(নওগাঁ জেলা প্রতিনিধি) : ৫ই আগস্ট সরকার পতনের পর থেকে নওগাঁয় পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলে নওগাঁ জেলা পুলিশ সুপার কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।

গত রবিবার(২২ডিসেম্বর) দুপুরে এ অবস্থান কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা। পরে পুলিশ সুপার কুতুব উদ্দিন সেখানে উপস্থিত হলে শিক্ষার্থীরা তাদের ৯ দফা দাবী পেশ করেন। আগামী এক সপ্তাহের মধ্যে দাবী বাস্তবায়নের আশ্বাস দিলে সেখান থেকে সরে যায় শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের অভিযোগ, ৫ আগস্টের পরে পুলিশ বিশেষ একটি রাজনৈতিক দলের মদদে কাজ করছে। রাজনৈতিক দল যা চাচ্ছে পুলিশ সেটিই করছে। সাধারন মানুষের হয়ে কাজ করছে না। আগামী ৭ দিনের মধ্যে ৯ দফা দাবি বাস্তবায়ন না হলে নওগাঁ জেলার সকল থানা ঘেরাও সহ কঠোর কর্মসূচি পালনের হুশিয়ারি দেন তারা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নওগাঁর নেতৃত্ব দেওয়া শিক্ষার্থী ফজলে রাব্বী বলেন, জুলাই বিপ্লবের আগে পুলিশের প্রতি মানুষের যে ক্ষোভ ছিলো সে জায়গা থেকে আমরা মনে করেছিলাম পুলিশ কাজ করে মানুষের মন জয় করে নিবে। কিন্তু সে কাজে তারা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। এখনো তারা আগের মতোই রয়ে গেছে। এখনো নওগাঁতে চাঁদাবাজি হচ্ছে। থানাতে গেলে কারো রেফারেন্স ছাড়া মামলা নেয়া হয় না।

এগুলো আমরা চাইনি। আমরা চাই একজন সাধারন মানুষ থেকে শুরু করে সর্বস্তরের মানুষ যেন সুবিধা পায়। নেতৃত্ব দেওয়া আরেক শিক্ষার্থী আরমান হোসেন বলেন, জুলাই বিপ্লবের সময় ছাত্রলীগ যুবলীগ আওয়ামীলীগের গুন্ডা বাহিনীরা আমাদের উপর নৃশংসভাবে হামলা করে। হামলাকারীরা এখনো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে পুলিশ তাদের বিরুদ্ধে কোন ধরনের ব্যবস্থা নিচ্ছে না।

নওগাঁ জেলা পুলিশ সুপার কুতুব উদ্দিন বলেন, ‘আমি তাদের দাবি দাওয়া গুলো শুনেছি। তাদের দাবিগুলো বাস্তবায়নের মাধ্যমে সবাই মিলে একসাথে কাজ করবো। দেশ স্বাধীনতার সুফল সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেবে পুলিশ।’