
নওগাঁ জেলা প্রতিনিধি : আদালত ঘেরাওয়ের হুমকি এবং নওগাঁর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলামকে নিয়ে অবমাননাকর বক্তব্য দেওয়ার অভিযোগে পাবলিক প্রসিকিউটর (পিপি) আবু জাইদ মো. রফিকুল ইসলামকে তলব করেছেন হাইকোর্ট।
গত বুধবার (১৮ ডিসেম্বর) বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে আদালত অবমাননার রুলসহ এ আদেশ দেন। আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তানিম খান। আগামী ৬ জানুয়ারি ২০২৫ ইং তারিখে নওগাঁর পিপিকে সশরীরে হাজির হয়ে এ বিষয়ে ব্যখ্যা দিতে বলা হয়েছে।
এর আগে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল বরাবর ‘বিজ্ঞ পাবলিক প্রসিকিউটর, নওগাঁ কর্তৃক প্রকাশ্যে নওগাঁ ম্যাজিস্ট্রেটি তথা বিচার বিভাগ নিয়ে আদালত অবমাননাকর বক্তব্য প্রসঙ্গে’ শীর্ষক একটি আবেদন পাঠান সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলাম। এতে প্রতি-স্বাক্ষর করেন ৭ জন ম্যাজিস্ট্রেট।
প্রধান বিচারপতির নজরে আসলে তিনি আবেদনটি আদালত অবমাননা সংশ্লিষ্ট বেঞ্চে পাঠানোর নির্দেশ দেন। সে অনুসারে সংশ্লিষ্ট বেঞ্চে উপস্থাপন করা হলে আদালত নওগাঁর পিপিকে তলব করে।
আপনার মতামত লিখুন :