কুবিতে ছাত্ররাজনীতি নিষেধাজ্ঞা উপেক্ষা করেই পুষ্পস্তবক অর্পণ ছাত্রদলের | Daily AjKaler Kontho

কুবিতে ছাত্ররাজনীতি নিষেধাজ্ঞা উপেক্ষা করেই পুষ্পস্তবক অর্পণ ছাত্রদলের


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ডিসেম্বর ১৭, ২০২৪, ৯:৫৬ পূর্বাহ্ন
কুবিতে ছাত্ররাজনীতি নিষেধাজ্ঞা উপেক্ষা করেই পুষ্পস্তবক অর্পণ ছাত্রদলের

কুবি প্রতিনিধি : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) বিজয় দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল ও বিভাগগুলোর পর প্রশাসনের উপস্থিতিতে ক্যাম্পাসে ছাত্ররাজনীতি নিষিদ্ধ থাকলেও শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।

গত সোমবার (১৬ ডিসেম্বর) সকাল ১১টায় বিজয় দিবস উপলক্ষে পুষ্পস্তবক অর্পণের আয়োজন করা হলে সেসময় তারা পুষ্পস্তবক অর্পণ করেন।

সরেজমিনে গিয়ে দেখা যায়, এই আয়োজনে বিশ্ববিদ্যালয় প্রশাসন বিশ্ববিদ্যালয়ের সংগঠনগুলোকে পুষ্পস্তবক অর্পণের সময় না ডাকার সিদ্ধান্ত দেন। পরবর্তীতে এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্রসংগঠনের সদস্যদের সাথে প্রশাসনের বাকবিতণ্ডা চলে। পরবর্তীতে সংগঠনগুলোর সদস্যরা বিচারের দাবিতে অবস্থান কর্মসূচি নেয়। তবে সেই সময়ই প্রক্টরসহ আয়োজনের আহ্বায়কের উপস্থিতিতে ছাত্রদল পুষ্পস্তবক অর্পণ করে।

এ ব্যাপারে শাখা ছাত্রদলের সদস্য সচিব মোস্তাফিজুর রহমান শুভ বলেন, “বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী ক্যাম্পাসে রাজনীতি নিষিদ্ধ, তাই আমরা বিশ্ববিদ্যালয়ের ভেতরে র‌্যালি করিনি, বাইরে করেছি। পুষ্পস্তবক অর্পণ করার অনুমতি আমরা নিয়েছি এবং প্রক্টোরিয়াল বডি থেকে এমন অনুমতি দেওয়া হয়েছে যে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল, বিভাগগুলোর পর আমরা ফুল দিতে পারবো। এজন্য আমরা এখানে এসেছি।”