বাতিল হবে ডিজিটাল নিরাপত্তা আইনের সব মামলা | Daily AjKaler Kontho

বাতিল হবে ডিজিটাল নিরাপত্তা আইনের সব মামলা


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : নভেম্বর ৮, ২০২৪, ৯:১৬ অপরাহ্ন
বাতিল হবে ডিজিটাল নিরাপত্তা আইনের সব মামলা

আজকালের কন্ঠ ডেস্ক :  ডিজিটাল নিরাপত্তা আইন (বর্তমানে সাইবার নিরাপত্তা আইন) বাতিল করা হচ্ছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল।এ ছাড়া ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের সঙ্গে সঙ্গে সব মামলাও বাতিল হবে বলে জানান তিনি।

আজ শুক্রবার বিকালে ঢাকা ক্লাবে ‘ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২৪’ অনুষ্ঠানে তিনি একথা জানান।

উল্লেখ্য, ‘কালাকানুন’ হিসেবে কুখ্যাতি পাওয়া সাইবার নিরাপত্তা আইন বাতিল করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। বৃহস্পতিবার (৭ নভেম্বর) প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে ‘সাইবার নিরাপত্তা আইন (রহিতকরণ) অধ্যাদেশ, ২০২৪’-এর খসড়ায় নীতিগত অনুমোদন দেওয়া হয়।

পরে মন্ত্রিপরিষদ বিভাগের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং সাপেক্ষে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ ‘সাইবার নিরাপত্তা আইন (রহিতকরণ) অধ্যাদেশ, ২০২৪’ উপদেষ্টা পরিষদের বৈঠকে চূড়ান্ত অনুমোদনের জন্য তুলবে।