মিয়ানমারের আরাকান আর্মির হাত থেকে টেকনাফের ৫ জেলেকে ফেরত আনল বিজিবি
আজকালের কণ্ঠ
প্রকাশের সময় : অক্টোবর ৯, ২০২৪, ৫:৩৬ অপরাহ্ন
ফারুকুর রাহমান, টেকনাফ প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফের শাহপরীরদ্বীপ জালিয়া পাড়া থেকে নাফ নদীতে মাছ শিকার করতে গিয়ে আরকান আর্মি কর্তৃক ধরে নিয়ে যাওয়া ৫ বাংলাদেশি জেলেকে বিজিবির মাধ্যমে ফেরত পাঠানো হয়েছে।
বুধবার (০৯ অক্টোবর) দুপুরে টেকনাফ পৌরসভার চৌধুরী পাড়াস্থ জেটি ঘাট দিয়ে এদের দেশে ফেরত আনা হয়।
বিষয়টি নিশ্চিত করছেন টেকনাফ (২ বিজিবি) ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ।
গত সোমবার (০৭ অক্টোবর) দুপুরে ট্রলারের ইঞ্জিন বিকলে পানির স্রোতে মিয়ানমার সীমান্তে পৌঁছালে এদের ধরে নিয়ে যাওয়া হয়েছিল বলে জানিয়েছিলেন সাবরাং ইউনিয়নের ইউপি সদস্য আব্দুস সালাম।
ফেরত আসা জেলেরা হলেন, শাহপরীরদ্বীপ জালিয়া পাড়ার আব্দুর রহিমের ছেলে মো. আলম (২২), আবদুল মজিদের ছেলে মো. রাসেল মিয়া (২৩) ও মো. সাইফুল মিয়া (১৭), রফিকুল ইসলামের ছেলে বোরহান উদ্দিন (১৯), চকরিয়ার খোরশেদ আলমের ছেলে মো. রাশেদ (২৪)।
আজ দুপুরে এক সংবাদ সম্মেলনে টেকনাফ (২ বিজিবি) ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ জানান- বিষয়টি জানার পর মিয়ানমারের সাথে যোগাযোগ করা হয়। মিয়ানমারের অভ্যন্তরে চলমান সংঘাতের জের ধরে মিয়ানমারের ওই অংশটি আরাকান আর্মির দখলে রয়েছে। ফলে আরাকান আর্মির সদস্যরাই এদের ধরে নিয়ে গেছে।
পরে মিয়ানমারের ওই পারে সক্রিয় থাকা সংশ্লিষ্টদের সাথে যোগাযোগ করা হলে বাংলাদেশি ৫ জেলেকে ফেরত দিতে সক্ষম হয়।
বিজিবির এ কর্মকর্তা বলেন, “ আরাকান আর্মির সাথে আলোচনার পর বুধবার সকালে বিজিবির একটি প্রতিনিধিদল নাফনদীর শূন্যরেখায় যায়। সেখানে আলোচনার পর ৫ জেলেকে ফেরত দিয়েছে আরাকান আর্মি। ফেরত আসা জেলেদের পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানান, লে. কর্নেল মহিউদ্দীন আহমেদ।
আপনার মতামত লিখুন :