অবৈধভাবে ভারতে আত্মীয়র বাড়িতে যাওয়ার সময় আটক ৩ | Daily AjKaler Kontho

অবৈধভাবে ভারতে আত্মীয়র বাড়িতে যাওয়ার সময় আটক ৩


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : সেপ্টেম্বর ৩০, ২০২৪, ৫:৪৮ অপরাহ্ন
অবৈধভাবে ভারতে আত্মীয়র বাড়িতে যাওয়ার সময় আটক ৩

মিলন বিশ্বাস (সাতক্ষীরা প্রতিনিধি): সাতক্ষীরার কুশখালী সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার সময় ২ নারীসহ তিনজনকে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)।

রোববার (২৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে কুশখালী সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকরা সবাই বাংলাদেশি বলে জানিয়েছে বিজিবি।

সোমবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন সাতক্ষীরার ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) পরিচালক ও অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশরাফুল হক।

তিনি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে কুশখালী বিওপর নায়েব সুবেঃ মো. সেলিম হোসেনের নেতৃত্বে একটি চৌকষ আভিযানিক দল ২৯ সেপ্টেম্বর রাত সাড়ে ১০ টার দিকে কুশখালী বিওপির দায়িত্বপূর্ণ মেইন পিলার ১০/৪-এস হতে ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ছয়ঘরিয়া নামক স্থান হতে তাদেরকে আটক করা হয়।

তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত ব্যক্তিগণ অবৈধভাবে ভারতে গমনের বিষয়টি স্বীকার করেন এবং ভারতে আত্বীয় এর বাড়ীতে বেড়ানো উদ্দেশ্যে অবৈধভাবে গমন করছিল বলে জানিয়েছে।

আটককৃতরা হলেন—বাগেরহাটের কুরশাইল গ্রামের

নকুল বাড়ই এর ছেলে শ্রী বিকাশ বাড়ই (৫৫), শ্রী বিকাশ বাড়ই এর স্ত্রী শ্রী প্রভাতী বাড়ই (৫০) ও বিষন বাড়ই এর স্ত্রী শ্রীমতি হুরবা বাড়ই (২০)। এদের সবাইকে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের চেষ্টার অপরাধে আটক করা হয়।

আটককৃতদের বিনা পাসপোর্টে অবৈধভাবে সীমান্ত পারাপারের অপরাধে সাতক্ষীরা সদর থানায় মামলা দায়ের ও সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।