৭২ ঘণ্টার ধর্মঘটের দ্বিতীয় দিন চলছে | Daily AjKaler Kontho

৭২ ঘণ্টার ধর্মঘটের দ্বিতীয় দিন চলছে


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : সেপ্টেম্বর ২২, ২০২৪, ১২:৩৬ অপরাহ্ন
৭২ ঘণ্টার ধর্মঘটের দ্বিতীয় দিন চলছে

আজকালের কন্ঠ ডেস্ক : রাঙ্গামাটিতে পৃথক দুটি সংগঠনের ডাকে ৭২ ঘণ্টার অবরোধ ও পরিবহন ধর্মঘটের আজ দ্বিতীয় দিন চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ও যে কোন ধরনের অনাকাঙ্খিত ঘটনা এড়াতে রাঙ্গামাটিতে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত আইন শৃঙ্খলাবাহিনীর সদস্যরা।

রোববার (২২ সেপ্টেম্বর) দ্বিতীয়দিনের মত চলা অবরোধ ও পরিবহন ধর্মঘটে অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় রাঙ্গামাটির বিভিন্ন স্থানে আইন শৃঙ্খলাবাহিনীর উপস্থিতি বাড়ানো হয়েছে।

খাগড়াছড়ি ও রাঙ্গামাটির সহিংসতার ঘটনার প্রতিবাদে পাহাড়ি ছাত্র-জনতার ডাকে রাঙ্গামাটিতে ৭২ ঘণ্টার সড়ক ও নৌপথ অবরোধের ডাক দেয় । আর এতে সমর্থন দেয় আঞ্চলিক পাহাড়ি সংগঠনগুলো। অপরদিকে রাঙ্গামাটিতে যানবাহন ভাংচুর এবং চালক শ্রমিকদের ওপর হামলার প্রতিবাদে রাঙ্গামাটিতে সকল প্রকার যানবাহন অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে মালিক শ্রমিক ঐক্য পরিষদ।

সড়ক ও নৌপথ অবরোধ ও যানবাহনের ধর্মঘটের কারণে রাঙ্গামাটিতে সবকটি সড়ক ও নৌ পথে সব ধরনের যানবাহন ও নৌযান চলাচল বন্ধ রয়েছে। শহরের অভন্তরীন রুটেও কোন প্রকার যানবাহন চলাচল করছে না। ফলে শহরবাসীকে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে।

রাঙ্গামাটির বিভিন্ন স্থানে আইন শৃঙ্খলাবাহিনীর সদস্যদের টহল জোরদার করা হয়েছে। শহরের বিভিন্ন এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। শুক্রবার রাঙ্গামাটিতে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে জারি করা ১৪৪ ধারা এখনো বলবৎ রয়েছে।