নেত্রকোনার সদরে অটোরিকশায় লেগুনা ধাক্কায় ১৫জন আহত | Daily AjKaler Kontho

নেত্রকোনার সদরে অটোরিকশায় লেগুনা ধাক্কায় ১৫জন আহত


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : সেপ্টেম্বর ২১, ২০২৪, ১২:৪০ অপরাহ্ন
নেত্রকোনার সদরে অটোরিকশায় লেগুনা ধাক্কায় ১৫জন আহত

নেত্রকোণা প্রতিনিধি : নেত্রকোণা শহরে যাত্রীবাহী লেগুনা ধাক্কা দিয়েছে ব্যাটারি চালিত অটোরিকশাকে। এ ঘটনায় লেগুনা ও অটোরিকশায় থাকা শিশু ও নারীসহ ১৫ জন আহত হয়েছেন। এদের মধ্যে পাঁচ জনকে ময়মনসিংহ

মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শুক্রবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে শহরের রাজুরবাজার এলাকার শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের সামনের সড়কে দুর্ঘটনাটি হয়।

আহতরা হলেন- অটোরিকশার চালক সদর উপজেলার সিংহের বাংলা এলাকার মঞ্জু মিয়ার ছেলে ইমন মিয়া, বারহাট্রা উপজেলার কর্ণপুর গ্রামের আব্দুল হেকিমের ছেলে আব্দুস সালাম, সদর উপজেলার রায়পুর গ্রামের আনোয়ার

হোসেনের স্ত্রী সুলতানা আক্তার, বারহাট্টা উপজেলার ফকিরের বাজার এলাকার জালাল উদ্দিনের ছেলে রায়হান উদ্দিন, তিলসিন্দুর গ্রামের আক্কাছ উদ্দিনের ছেলে আছাব উদ্দিন, জালাল উদ্দিনের ছেলে ফোরকান উদ্দিন। বাকিদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

নেত্রকোণা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ জানান, সদর উপজেলার বাংলা এলাকা থেকে একটি অটোরিকশা যাত্রী নিয়ে নেত্রকোণা শহরের পারলা বাসস্ট্যান্ড যাচ্ছিল।

এসময় নেত্রকোণা শহর থেকে যাত্রী নিয়ে লেগুনাটি ফকিরের বাজারে যাচ্ছিল। শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের সামনে অটোরিকশাটিকে সামনে থেকে ধাক্কা দেয় লেগুনাটি। এ ঘটনায় পাঁচ নারী, পাঁচ শিশু ও পাঁচ জন পুরুষ আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে নেত্রকোণা সদর হাসপাতালে পাঠান।