Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৯:২০ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ জুলাই ২, ২০২৪ , ১১:০৯ পূর্বাহ্ণ

সুপ্রিমকোর্টের রায় ট্রাম্পের পক্ষে

লেখকঃ আজকালের কণ্ঠ

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থাকাকালে নেওয়া কিছু পদক্ষেপের জন্য বিচারের মুখোমুখি হওয়া থেকে রেহাই পাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। গত সোমবার (১ জুলাই) মার্কিন সুপ্রিমকোর্ট এ সিদ্ধান্ত দিয়েছেন।

যুক্তরাষ্ট্রের ইতিহাসে এই প্রথম সাবেক কোনো প্রেসিডেন্টকে অপরাধের অভিযোগ থেকে দায়মুক্তি দেওয়ার প্রশ্নে সিদ্ধান্ত দিলেন সুপ্রিমকোর্ট।সুপ্রিমকোর্টের ৯ সদস্যের বেঞ্চের ৬ জনই ট্রাম্পের দায়মুক্তির পক্ষে ছিলেন।আর বিপক্ষে ছিলেন তিনজন।পরে সিদ্ধান্ত ঘোষণা করেন প্রধান বিচারপতি জন রবার্টস।

সেই অনুযায়ী প্রেসিডেন্ট হিসেবে সংবিধানের অধীন ট্রাম্প যেসব পদক্ষেপ নিয়েছিলেন, সেগুলোয় দায়মুক্তি পাবেন। তবে ব্যক্তিগত কর্মকাণ্ডের জন্য দায়মুক্তি পাবেন না তিনি।

ডোনাল্ড ট্রাম্প ২০১৭ থেকে ২০২১ সালের ২০ জানুয়ারি পর্যন্ত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন।২০২০ সালের নির্বাচনে তাকে হারিয়ে জয় পান জো বাইডেন। ট্রাম্পের বিরুদ্ধে করা একটি মামলায় সরকারি কৌঁসুলিরা অভিযোগ এনেছেন, ওই নির্বাচনের ফল বদলাতে হস্তক্ষেপের চেষ্টা করেছিলেন ট্রাম্প।পরে ৬ জানুয়ারি ক্যাপিটলে হামলার পেছনেও উসকানি দিয়েছিলেন তিনি।

আগামী নভেম্বরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।এবারও রিপাবলিকান পার্টির প্রার্থী ট্রাম্প।

সুপ্রিমকোর্টের সিদ্ধান্তে উচ্ছ্বাস প্রকাশ করেছে ট্রাম্পের দল রিপাবলিকান পার্টি। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্প লিখেছেন, গণতন্ত্র ও সংবিধানের জন্য এটা একটা বড় জয়।একজন আমেরিকান হিসেবে আমি গর্বিত।

অন্যদিকে আদালতের সিদ্ধান্তে সন্তুষ্ট নয় প্রেসিডেন্ট জো বাইডেনের ডেমোক্রেটিক পার্টি। প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের প্রতিপক্ষ ডেমোক্রেটিক পার্টি।

প্রিন্ট করুন