টেকনাফ প্রতিনিধি : কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফে মাটিতে লবণের মাঠে পুঁতে রাখা অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মৃতদেহের পরিচয় না মিললেও ধারণা করা হচ্ছে এই যুবকের বয়স আনুমানিক ৩০ বছর।
সোমবার (১ জুলাই) সাড়ে ১১টার দিকে টেকনাফ উপজেলার হ্নীলা ইউপির লেদা বুচিংগ্যা পাড়া নামক এলাকার একটি লবণের মাঠে মৃতদেহটি দেখতে পেয়ে খবর দেন পুলিশকে ।
বিষয়টি নিশ্চিত করে টেকনাফ মডেল থানা পুলিশের অফিসার্স ইনচার্জ (ওসি) মুহাম্মদ ওসমান গণি।
ওসি জানান, হ্নীলা ইউনিয়নের লেদা এলাকার লবণের মাঠে মাটির নিচে চাপা অবস্থায় এক ব্যক্তির হাত দেখতে পায় স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে বলে জানিয়েছেন তিনি।
স্থানীয় সূত্রে জানা যায়, মৃতদেহের পরনে কালো রঙের প্যান্ট এবং শার্ট পরিহিত আছে। তবে নিহতের পরিচয় এখনো পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে হত্যার পর মৃতদেহটি মাটির নিচে গর্ত করে চাপা দেয় দুর্বৃত্তরা। তদন্তপূর্বক দুর্বৃত্তদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন এলাকাবাসী।