Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১০:০৭ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ জুলাই ১, ২০২৪ , ৪:৪৪ অপরাহ্ণ

অভিনেতা মুকুল সিরাজ হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে

লেখকঃ আজকালের কণ্ঠ

বিনোদন ডেস্ক : হৃদরোগে আক্রান্ত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন আছেন অভিনেতা মুকুল সিরাজ। খবরটি নিশ্চিত করেছেন অভিনয় শিল্পী সংঘের আইন ও কল্যাণ সম্পাদক ঊর্মিলা শ্রাবন্তী কর।

সহকর্মীর অসুস্থতার খবর শুনে হাসপাতালে ছুটে গেছেন ঊর্মিলা। সেখান থেকে ঢাকা মেইলকে তিনি বলেন, ‘আমি এখন পিজি হাসপাতালে (বিএসএমএমইউ) আছি। চিকিৎসক জানিয়েছেন মুকুল ভাই আগের চেয়ে তুলনামূলকভাবে এখন ভালো আছেন।’

এদিকে সামাজিক মাধ্যমে সহকর্মী ও শুভানুধ্যায়ীদের অনেকেই এ অভিনেতার হৃদরোগে আক্রান্ত হওয়ার বিষয়টি জানিয়েছেন। পাশাপাশি করেছেন আরোগ্য কামনা। টেলিভিশন নাটক নির্মাতাদের সংগঠন ডিরেক্টরস গিল্ডের সাধারণ সম্পাদক কামরুজ্জামান সাগরও রয়েছেন এ তালিকায়।

রোববার (৩০ জুন) দিবাগত রাতে সাগর নিজের ফেসবুকে লেখেন, অভিনেতা মুকুল সিরাজ হৃদরোগে আক্রান্ত হয়ে পিজি হাসপাতালে ভর্তি আছেন। তার সুস্বাস্থ্য এবং দ্রুত আরোগ্য কামনা করছি।

বহুমাত্রিক চরিত্রে অভিনয় করেন অভিনেতা মুকুল সিরাজ। যাত্রা শুরু হয়েছিল মঞ্চ নাটকের মাধ্যমে। টেলিভিশনে নাম লেখান গাজী রাকায়েতের হাত ধরে। তার পরিচালিত ‘রূপান্তর’ ধারাবাহিকে প্রথম দেখা যায় তাকে।

মুকুল সিরাজ অভিনীত উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে- ‘ভালোবাসা কারে কয়’, ‘সুখ পাখি’, ‘তরিক আলী হাডারী’, ‘লং মার্চ’, ‘মহাগুরু’, ‘সিদুরের চুপকথার গল্প’ ইত্যাদি। তিনি মীর সাব্বির পরিচালিত ‘রাত জাগা ফুল’নামের একটি সিনেমায়ও কাজ করেছেন।

প্রিন্ট করুন