নেত্রকোনা, জেলা প্রতিনিধি : অভিযানে ১১টি চায়না দুয়ারী জাল, ৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। এসময় মাছ ধরার জন্য নির্মিত একটি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
গত সোমবার (২৪ জুন) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার ববি ও স্থানীয় ব্যক্তিবর্গের উপস্থিতিতে উপজেলা মৎস্য অফিসের সামনে এসব জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।
এর আগে রোববার বিকালে সিংগুয়ার বিলে এ অভিযান পরিচালনা করেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শামীমা আফরোজ।
উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শামীমা আফরোজ এ তথ্য নিশ্চিত করেছেন.
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার সিংগুয়ার বিলে নিষিদ্ধ চায়না দুয়ারী জাল ও কারেন্ট জাল দিয়ে দিনরাত মা মাছ, পোনা মাছসহ দেশীয় মাছ ধরছে এলাকার কিছু মানুষ। এমনকি মাছ ধরতে বিলের পাড়ে স্থাপনাও তৈরি করেছে। খবর পেয়ে রোবাবার বিকেলে অভিযান চালান সহকারী কমিশনার (ভূমি) শামীমা আফরোজ। এসময় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. তরিকুল ইসলাম ও থানা পুলিশের একটি দল তার সঙ্গে ছিলেন। অভিযানে ১১টি চায়না দুয়ারী জাল ও ৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। এ সময় একটি অবৈধ স্থাপনাও ভেঙে দেওয়া হয়। তবে অভিযানের বিষয়টি টের পেয়ে সংশ্লিষ্ট লোকজন সটকে পড়েন। পরে সোমবার দুপুরে এসব জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। জব্দকৃত জালের মূল্য আনুমানিক মূল্য ১ লক্ষ ২০ হাজার টাকা বলে জানা গেছে।
সহকারী কমিশনার (ভূমি) শামীমা আফরোজ জানান, এসব জালে মাছের পোনাসহ নানা জলজ প্রাণিও উঠে আসে। দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ, মা মাছ, রেণু পোনা নিধন বন্ধ ও জীববৈচিত্র রক্ষায় এমন অভিযান অব্যাহত থাকবে।