আজকালের কন্ঠ ডেস্ক : টাঙ্গাইলের মধুপুরে প্রাইভেটকার ও মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৮ জন।
শুক্রবার (২১ জুন) সকাল ৯টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের মধুপুর পৌর শহরের মালাউবাড়ী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
মধুপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. নূরুল আমিন জানান, সকালে মালাউবাড়ী এলাকায় প্রাইভেটকার ও মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে মাহিন্দ্রার এক যাত্রী মারা যান। আহত হন ৯ জন।
তাৎক্ষণিক নিহত ও আহতদের পরিচয় পাওয়া যায়নি। আহতদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে পরে তাদের উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন কর্তব্যরত চিকিৎসক।
আহতদের উদ্ধার করে মধুপুর হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। আহতদের উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।