শরীয়তপুর প্রতিনিধি : মঙ্গলবার (৪ জুন) বিকেলে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। মারা যাওয়া বৃদ্ধার নাম রহিমা বেগম (৬২)। তিনি উপজেলার পালেরচর ইউনিয়নের ইয়াসিন আকন কান্দি এলাকার নুর মোহাম্মদ তালুকদারের স্ত্রী।
বৃদ্ধার পরিবার জানায়, মঙ্গলবার দুপুরে ঘরে রান্না করছিলেন রহিমা বেগম। এ সময় তার বাম পায়ে বিষধর সাপে ছোবল দেয়। পরে চিৎকার করলে পরিবার তাকে অসুস্থ অবস্থায় স্থানীয় ওঝা আজিমউদ্দিন মোড়লের কাছে নিয়ে যায়। ওঝার ঝাড়ফুঁকে সুস্থ না হলে পরে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত রহিমা বেগমের ছেলে রহমান তালুকদার বলেন, সাপে ছোবল দেওয়ার সঙ্গে সঙ্গে মাকে ওঝার কাছে না নিয়ে হাসপাতালে চিকিৎসকের কাছে নিলে ভালো হতো। প্রথমে হাসপাতালে নিয়ে গেলে মা হয়তো বাঁচত।
জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. কবির আলম বলেন, বৃদ্ধাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। পরে দেখলাম তাকে সাপে ছোবল দিয়েছে। ধারনা করা হচ্ছে বিষধর সাপে তাকে ছোবল দিয়েছে।