Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ১:৪৮ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ মে ৩১, ২০২৪ , ৫:৫৮ অপরাহ্ণ

রাজনৈতিক কর্মকাণ্ড জনবিশৃঙ্খলা সৃষ্টি করলে ব্যবস্থা: জাহাংগীর আলম

লেখকঃ আজকালের কণ্ঠ

নিজস্ব প্রতিনিধি : কোনো রাজনৈতিক দলের কর্মকাণ্ড যদি জনবিশৃঙ্খলা সৃষ্টি করে, তাহলে বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বারাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের নবনিযুক্ত সচিব জাহাংগীর আলম।

শুক্রবার (৩১ মে) দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

নবনিযুক্ত সচিব জাহাংগীর আলম বলেছেন, রাজনীতি একটা বিষয়, জনশৃঙ্খলা আরেকটি বিষয়। রাজনৈতিক দলগুলো তাদের কর্মকাণ্ড শান্তিপূর্ণভাবে যেকোনো জায়গায় করতে পারে। কিন্তু এতে কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে। কিন্তু কোনও দলের কর্মকাণ্ডে যদি বিশৃঙ্খলা সৃষ্টি হয় তাহলে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

তিনি জাতির পিতার সমাধি সৌধ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পরে ফাতেহা পাঠ শেষে বঙ্গবন্ধুসহ মহান মুক্তিযুদ্ধে আত্মউৎসর্গকারী সকল শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন তিনি।

নতুন সচিব আরও বলেন, আমি অবশ্যই চেষ্টা করব যাতে রাজনৈতিক কর্মকাণ্ডে জনগণের জানমালের কোনও ক্ষয়ক্ষতি না ঘটে। সেক্ষেত্রে বাহিনীগুলোকে যথাযথভাবে প্রয়োগ করে আইনের মাধ্যমে শান্তি শৃঙ্খলা বজায় রাখব। কারণ জননিরাপত্তা বিভাগের মূল কাজ হলো জনগণের নিরাপত্তা নিশ্চিত করা।

এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব রেজাউল মোস্তফা, যুগ্ম সচিব আবুল ফজল মীর, ধনঞ্জয় কুমার দাস, উপ-সচিব জাহিদ হাসান, মাহবুব রহমান শেখ, গোপালগঞ্জের পুলিশ সুপার আল-বেলী আফিফা, স্থানীয় সরকার বিভাগ গোপালগঞ্জের উপপরিচালক আজহারুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. গোলাম কবির, টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান মো. বাবুল শেখ, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ইলিয়াস হোসেন, পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রিন্ট করুন