Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৮:৫৬ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ মে ২৮, ২০২৪ , ২:৫৭ অপরাহ্ণ

জোঁকের মুখে ভয়ডরহীন মিমি

লেখকঃ আজকালের কণ্ঠ

বিনোদন ডেস্ক : পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। অভিনয়ে দ্যুতি ছড়াচ্ছেন নানা ধরনের চরিত্রে কাজ করে। তার এসময়ের কাজগুলো বক্স অফিসে সাফল্য তো পাচ্ছেই, একই সঙ্গে দর্শক থেকে সমালোচকদের থেকেও প্রশংসা পাচ্ছে।তবে অভিনয়ের পাশাপাশি ঘুরে বেড়াতে বড্ড ভালোবাসেন এই অভিনেত্রী।তার ঘুরে বেড়ানোর নেশা এতটাই প্রবল যে ঘূর্ণিঝড় রোমেলও তাকে আটকে রাখতে পারেনি ঘরে।

রেমালের তাণ্ডবে চারিদিক তছনছ। রবিবার (২৬ মে) থেকে এক নাগাড়ে বৃষ্টি হয়ে চলেছে। তার মধ্যেই জঙ্গলে বেড়াতে গিয়েছেন মিমি।আর ঘুরতে ঘুরতে জোঁকের মুখে পড়েছেন। সম্প্রতি তেমনই একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে পোস্ট করেছেন এই অভিনেত্রী যা দেখে চমকে উঠেছেন সকলে।

সোমবার (২৭ মে) মিমি চক্রবর্তী একটি ভিডিও পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। ক্যাপশনে লিখেন, ‘কোন ক্যাপশন নেই।’ ইনস্টাগ্রামে তার পোস্ট করা সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে, জঙ্গলে ঘুরে বেড়াচ্ছেন মিমি। ভিডিওর প্রথমেই মিমি বলছেন, “জঙ্গলে স্বাগত’’।তারপর দেখা যায় অভিনেত্রীর জুতোতে লেগে রয়েছে জোঁক।তবে ভয়ডরহীন মিমি সেই জোঁককে জুতো থেকে বের করে নিজের হাতে তুলে নিলেন।

মিমির এই ভিডিও দেখে আঁতকে উঠেছেন অভিনেত্রীর অনুরাগীরা। মাত্র এক ঘণ্টায় প্রায় দশ হাজার লাইক পেয়েছে এই ভিডিও। পেয়েছে বহু কমেন্টও। কেউ কেউ উদ্বেগ প্রকাশ করেছেন এই ভিডিও দেখে।কেউ কেউ আবার মিমির সাহসকে কুর্নিশ জানিয়ে তাকে ‘খাতরোঁ কা খিলাড়ি’ নামের রিয়্যালিটি শো-তে যাওয়ার কথা বলেছেন।

কেউ কেউ আবার মিমি চক্রবর্তী আগে যে দলের প্রতিনিধি ছিলেন সেই দলের অর্থাৎ তৃণমূল কংগ্রেসের প্রসঙ্গ টেনে আনেন। এক ব্যক্তি লেখেন, ‘তুমি আমায় রক্ত দাও আমি তোমায় কিছু দেবো না! যাই হোক এই ভাবেই আপনার দল লোকের রক্ত চুষছে।’ দ্বিতীয় ব্যক্তি লেখেন, ‘আর একটু ধরে রাখো। তোমাকে এমন চুমু দিবে সারাজীবন মনে রাখবে।’

বরাবরই স্বভাবে সাহসী তিনি। পশুপ্রেমিক হিসেবেও নাম আছে তার। সময় পেলেই বাক্স প্যাঁটরা গুছিয়ে বেরিয়ে পড়েন মিমি। অভিনেত্রীর বাড়ি উত্তরবঙ্গে। সেখান থেকে প্রায়ই ডুয়ার্সের জঙ্গলে বেড়াতে চলে যান। এ বার সেই জঙ্গলেই এমন অভিজ্ঞতার মুখোমুখি হলেন অভিনেত্রী। তবে ভয় পাওয়ার পাত্রী নন মিমি। নিজে হাতেই সেই ভয়াল প্রাণীকে নিয়ে ভিডিয়ো করলেন তিনি।

সম্প্রতি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে মিমি অভিনীত সিনেমা ‘আলাপ’। ছবিতে তার বিপরীতে রয়েছেন আবীর চট্টোপাধ্যায়। আর আগামী ঈদুল আজহায় বাংলাদেশে মুক্তি পাবে মিমি অভিনীত ‘তুফান’ যেখানে তিনি প্রথমবারের মতো ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের সাথে জুটিবদ্ধ হয়ে অভিনয় করবেন।

প্রিন্ট করুন