স্পোর্টস ডেস্ক : জয়ের হাসিতেই বার্সেলোনা অধ্যায় শেষ হলো কোচ জাভি হার্নান্দেসের। স্প্যানিশ লা লিগায় সেভিয়ার বিপক্ষে কাতালান জায়ান্টদের জয় ২-১ ব্যবধানে। শেষ রাউন্ড জিতে চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের চেয়ে ১০ পয়েন্ট কম নিয়ে লিগ শেষ করলো রানার্সআপ বার্সা।
সেভিয়ার মাঠে ম্যাচ শুরুর ১৫ মিনিটে এগিয়ে যায় বার্সা। জোয়াও কানসেলোর ক্রসে দূরের পোস্টে লাফিয়ে দুর্দান্ত ব্যাকহিল ফ্লিকে বল জালে পাঠান রবের্ত লেভান্দোভস্কি। এবারের লা লিগায় পোলিশ ফরোয়ার্ডের গোল হলো দলের পক্ষে সর্বোচ্চ ১৯টি। ৩১ মিনিটে সমতায় ফেরে স্বাগতিকরা। সতীর্থের পাসে অফসাইডের ফাঁদ এড়িয়ে বক্সে ঢুকে দুরূহ কোণ থেকে লক্ষ্যভেদ এন নেসারির।
৩৭ মিনিটে পেদ্রির শট ক্রসবারে, ৪৪ মিনিটে কানসেলোর প্রচেষ্টা পোস্টে বাধা পায়। পরের মিনিটে সেভিয়ার লুকবাকিওর হেডও পোস্টে লাগে। ৫৯ মিনিটে ফের এগিয়ে যায় বার্সা। ইলকাই গিনদোয়ানের পাস বাম দিক থেকে পেয়ে একটু আড়াআড়ি দৌড়ে বক্সের বাইরে থেকে নিচু শটে ঠিকানা খুঁজে নেন ফের্মিন লোপেস।
বাকি সময়ে ব্যবধান ধরে রেখে জয়ের হাসিতেই মাঠ ছাড়ে গত মৌসুমের চ্যাম্পিয়নরা। বিদায়ী কোচ জাভির আড়াই বছরের পথচলারও শেষটা হয় জয়ে। গত শুক্রবার হঠাৎ করেই তাকে বরখাস্ত করে কাতালান ক্লাবটি।